উত্তর চট্টগ্রাম ও ৩ পার্বত্য জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের চাঁদাবাজি বন্ধ ও চট্টগ্রামে স্থায়ী বাস টার্মিনাল নির্মাণসহ ছয় দফা দাবিতে উত্তর চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলায় গতকাল সোমবার দুপুর পর্যন্ত পরিবহন ধর্মঘট পালিত হয়েছে। উত্তর চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলা শ্রমিক সংগঠন ঐক্য পরিষদ আকস্মিক এই কর্মসূচি ঘোষণা করে। গতকাল দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশের সঙ্গে বৈঠকের পর আশ্বাস পাওয়ায় শ্রমিক সংগঠন তাৎক্ষণিক ধর্মঘট তুলে নেয়। ফলে গতকাল বিকেলের দিকে উত্তর চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলার ৩৪টি রুটে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে গতকাল দুপুর পর্যন্ত উত্তর চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি উপজেলা ও তিন পার্বত্য জেলায় সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। উত্তর চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলা শ্রমিক সংগঠন ঐক্য পরিষদে বাস, ট্রাক, মিনিবাস, হিউম্যান হলার, টেম্পো, সিএনজিচালিত অটোরিকশাসহ ৪০ পরিবহন শ্রমিক সংগঠন অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।উত্তর চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলা শ্রমিক সংগঠন ঐক্য পরিষদের সভাপতি আবদুল মান্নান বলেন, ‘আমাদের ছয় দফা দাবির সমর্থনে গতকাল সোমবার দুপুরে চট্টগ্রামের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলামের সঙ্গে বৈঠক করেছি। তিনি আমাদের দাবির ব্যাপারে সহানুভূতি দেখিয়েছেন। এ বিষয়ে আগামী ১ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠক হবে। সেই বৈঠকেই আমাদের দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। আর এসপির আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা ধর্মঘট তুলে নিয়েছি।’ চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ‘আগামী ৭ অক্টোবর থেকে একই দাবির সমর্থনে শ্রমিকদের লাগাতার ধর্মঘট শুরু হওয়ার কথা। আমরা এর আগেই তাঁদের সঙ্গে বসে বিষয়গুলো নিষ্পত্তি করতে চাই, যাতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ না বাড়ে। তাই আগামী ১ অক্টোবর বিভাগীয় কমিশনার মহোদয়ের উপস্থিতিতে তাঁদের দাবিগুলো নিয়ে আলোচনার দিন ধার্য করা হয়েছে।’ গতকাল সকালে বিপুলসংখ্যক পরিবহন শ্রমিক শহরতলির অক্সিজেন এলাকায় অবস্থান নেন। তাঁরা গাড়ি চলাচলে বাধা দেন। পরে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের খবর জানাজানি হলে দুপুর ১২টার মধ্যেই তাঁরা সরে যান।