উত্তর চট্টগ্রামের চার উপজেলা চার ঘণ্টা বিদ্যুৎহীন
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) হাটহাজারী উপকেন্দ্রের একটি ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় গতকাল মঙ্গলবার উত্তর চট্টগ্রাম প্রায় চার ঘণ্টা বিদ্যুৎহীন থাকে। পরে বিদ্যুৎ লাইন সংস্কার করে আবার বিদ্যুৎ সরবরাহ করা হয়।গ্রিড উপকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, সকালে হাটহাজারী গ্রিড উপকেন্দ্রে একটি বিদ্যুতের তারে আগুন লাগে। ওই আগুন ১৩২ কেভি শক্তিসম্পন্ন একটি ট্রান্সফরমারে ছড়িয়ে পড়লে প্রচণ্ড শব্দে ট্রান্সফরমারটি বিস্ফোরিত হয়। ট্রান্সফরমারে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে উপকেন্দ্রের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় হাটহাজারীসহ উত্তর চট্টগ্রামের চারটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চট্টগ্রাম কার্যালয় সূত্র জানায়, প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর গ্রিড স্টেশনে পুড়ে যাওয়া ট্রান্সফরমারের জায়গায় আরেকটি ট্রান্সফরমার বসানো হয়। এ ছাড়া পুড়ে যাওয়া বিদ্যুতের তারের স্থলে নতুন তারের সংযোগ দিয়ে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।দুর্ঘটনার পর চট্টগ্রাম পিডিবির প্রধান প্রকৌশলী এ এন এম আসাদ উল্লাহ হাটহাজারী গ্রিড উপকেন্দ্র পরিদর্শন করেন।