উত্তর দেওয়ার জায়গা নেই খাতায় পরীক্ষা নিয়ন্ত্রকসহ দুজন বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উত্তরপত্রে আলাদা একটি অংশ থাকার কথা থাকলেও যশোর শিক্ষা বোর্ডের উত্তরপত্রে তা নেই। এতে বিপাকে পড়েছে বোর্ডের এক লাখ ৫৭ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী। শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা আশঙ্কা করছেন, এতে ফল-বিপর্যয় ঘটতে পারে। উত্তরপত্র ছাপানোর ক্ষেত্রে এ দায়িত্বহীনতার কারণে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকসহ দুজনকে বদলি করা হয়েছে।জানা গেছে, পরীক্ষায় একই সঙ্গে রচনামূলক ও নৈর্ব্যক্তিক উত্তর দিতে হচ্ছে পরীক্ষার্থীদের। প্রশ্ন সরবরাহ করা হয় একটাই। উত্তরপত্রও একটাই। কিন্তু নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উত্তরপত্রের দ্বিতীয় পৃষ্ঠায় প্রশ্ন নম্বর লিখে পাশে বৃত্তের মধ্যে ক, খ, গ ও ঘ এই চারটি ঘর থাকার কথা। পরীক্ষার্থীরা প্রশ্ন নম্বর মিলিয়ে ওই বৃত্তে টিক চিহ্ন দেবে। কিন্তু যশোর শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের ভুলের কারণে উত্তরপত্রের ওই অংশটিই ছাপা হয়নি।শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল ঢাকায় জেএসসি পরীক্ষার নীতিনির্ধারণবিষয়ক আন্তশিক্ষা বোর্ডের একটি সভা হয়। ওই সভায় সিদ্ধান্ত হয়, নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরের জন্য খাতার দ্বিতীয় পাতায় টিক চিহ্ন দেওয়ার ছক রাখতে হবে। এ সিদ্ধান্ত অনুযায়ী দেশের নয়টি শিক্ষা বোর্ডের খাতা ছাপানো হলেও শুধু যশোর শিক্ষা বোর্ডে এ নির্দেশনা অনুসরণ করা হয়নি।পরীক্ষার্থীরা জানিয়েছে, নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দিতে তাদের অতিরিক্ত সময় যাচ্ছে। পরীক্ষার হলে শিক্ষকদের নির্দেশ অনুযায়ী তারা খাতার একটি পাতায় হাতে প্রশ্ন নম্বর লিখে পাশে সঠিক উত্তর ক, খ, গ অথবা ঘ লিখে দিচ্ছে। এতে ঝামেলাও হচ্ছে। কেউ হয়তো প্রশ্ন নম্বর লিখে সঠিক উত্তর ক, খ, গ অথবা ঘ যেটিই হোক শুধু সেটিই লিখে দিচ্ছে। কেউবা ক, খ, গ, ঘ সবগুলো লিখে সঠিক উত্তরের ওপর টিক চিহ্ন দিচ্ছে।পরীক্ষার্থীদের অভিভাবকেরা আশঙ্কা করছেন, এ সমস্যার প্রভাব পড়তে পারে ফলাফলে। কেননা, সবার হাতের লেখা স্পষ্ট নয়। যে কারণে অনেক ক্ষেত্রে খ লিখলে ঘ মনে হতে পারে বা ঘ লিখলে পরীক্ষক সেটা খ মনে করতে পারেন। এ ছাড়া এভাবে হাতে লিখে নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দিতে না হলে রচনামূলক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পরীক্ষার্থীরা বেশি সময় পেত।উত্তরপত্র ছাপানোর ক্ষেত্রে এ ধরনের দায়িত্বহীনতার কারণে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রবিউল ইসলাম ও বিদ্যালয় পরিদর্শক অহিদুল ইসলামকে বদলি করা হয়েছে। গত বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি বোর্ড কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে। রবিউল ইসলামকে কুষ্টিয়া সরকারি কলেজে এবং অহিদুল আলমকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করা হয়েছে।রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঢাকায় আন্তশিক্ষা বোর্ডের সভায় চেয়ারম্যান সাহেব আমাকে না পাঠিয়ে সচিব কামরুল হুদাকে পাঠিয়েছিলেন। সচিব ওই সভার সিদ্ধান্ত আমাকে জানাননি। এ কারণেই গতানুগতিক নিয়মে উত্তরপত্র ছাপানো হয়েছে।’বোর্ডের চেয়ারম্যান আবুল বাসার মোল্লা প্রথম আলোকে বলেন, ‘আমি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার আগেই ওই সভা হয়। সেখানে কাকে পাঠানো হয়েছিল তা আমার জানার কথা নয়। কিন্তু পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব ছিল সচিবের কাছ থেকে সভার সিদ্ধান্ত জেনে নেওয়া। তিনি সেটি না করে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন।’ তবে চেয়ারম্যান জানান, উত্তরপত্র ছাপানোর ভুল ধরা পড়ায় পরীক্ষার শুরুতে শিক্ষার্থীদের এ বিষয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া খাতা মূল্যায়নে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য পরীক্ষকদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।