উত্তর না দিয়েই দ্রুত চলে গেলেন তাঁরা

সংবাদ সম্মেলনে কোনো প্রশ্নের উত্তর না দিয়েই দ্রুত সরে পড়লেন চাঁদপুরের জনপ্রতিনিধিরা। নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর পরিবারের কোনো সদস্য জড়িত নন দাবি করেন তাঁরা।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ওই সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্ন ছিল, সাত হত্যা মামলা তদন্তাধীন বিষয়, সুতরাং, এ ঘটনায় ত্রাণমন্ত্রীর পরিবার জড়িত নয়—এ বিষয়ে আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে? আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ এ বিষয়ে কোনো সংবাদ সম্মেলন করেনি, আপনারা কেন করছেন? এটা কি তদন্তকে প্রভাবিত করবে? আপনারা কেবল আওয়ামী লীগের নয়, পুরো এলাকার জনপ্রতিনিধি, তা হলে একটি দলের নেতার হয়ে কেন সংবাদ সম্মেলন করছেন?
এসব প্রশ্নের উত্তর না দিয়ে দ্রুত বেরিয়ে যান সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করা চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদসহ অন্যরা।
এর আগে লিখিত বক্তব্যে মনজুর আহমদ বলেন, ‘নারায়ণগঞ্জে সাত হত্যা মামলার দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তবে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও তাঁর পরিবারের সদস্যদের জড়িয়ে যে সংবাদ প্রকাশ ও প্রচার হয়েছে তা নির্জলা মিথ্যা, ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। এসব সংবাদ চাঁদপুরের জনপ্রতিনিধিদের বিব্রত ও মর্মাহত করেছে।’
মনজুর আহমদ আরও বলেন, ‘গণমাধ্যমে প্রচার হয়েছে মায়া চৌধুরীর ছেলে দীপু চৌধুরীর সঙ্গে সাত হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি নূর হোসেনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, যা সম্পূর্ণ মনগড়া, মিথ্যা ও ভিত্তিহীন। তাঁর (দীপু চৌধুরী) সিএনজি স্টেশন পরিচালনার জন্য নিজস্ব লোকবল রয়েছে।’ তিনি দাবি করেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপানোর আয়োজন চলছে।
এ ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে মন্তব্য করে মনজুর আহমদ। এ ব্যাপারে সবাইকে সংযমী এবং সুনির্দিষ্ট তথ্যপ্রমাণসহ বক্তব্য প্রদানের অনুরোধ জানান তিনি। তবে সংবাদ সম্মেলনে তিনি দীপু চৌধুরীর সঙ্গে নূর হোসেনের ব্যবসায়িক সম্পর্ক নেই—এই মর্মে কোনো প্রমাণ দেননি।
সংবাদ সম্মেলনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও তাঁর পরিবারের কোনো সদস্য উপস্থিত না থাকলেও মতলব দক্ষিণ উপজেলার চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার, ছেঙ্গারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জর্জ প্রমুখ উপস্থিত ছিলেন।