উত্তর না দেখানোয় পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) চলাকালে প্রশ্নের উত্তর না দেখানোর ঘটনায় ক্ষিপ্ত হয়ে তিন পরীক্ষার্থীর দেশীয় অস্ত্রের আঘাতে মন্তোষ নামে এক পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার অভিযুক্ত ওই তিন পরীক্ষার্থীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আহত মন্তোষের বাবা শঙ্কর চন্দ্র দেব এ মামলাটি করেন।সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা চলাকালে কেন্দুয়া জয়হরি সপ্রাই সরকারি উচ্চবিদ্যালয় ভেন্যু কেন্দ্রের ৬ নম্বর কক্ষে কেন্দুয়া ডিগ্রি কলেজের মেধাবী শিক্ষার্থী মন্তোষ চন্দ্র দেবকে তার সহপাঠী রাজু, সুমন ও জাহাঙ্গীর পরীক্ষার উত্তরপত্র দেখানোর জন্য চাপ দেয়। কিন্তু তাদের এই অসদুপায়ে মন্তোষ সাড়া দেয়নি। এতে ক্ষিপ্ত হয়ে তাকে নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হয়। এর জের ধরে গত শনিবার সকাল নয়টার দিকে ওই তিন পরীক্ষার্থী মুঠোফোনে মন্তোষকে গ্রামের বাড়ি থেকে ডেকে আনে। পরে স্থানীয় নওপাড়া উচ্চবিদ্যালয়ের পাশে নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে মন্তোষকে কোপায়। এতে তার বাঁ পায়ে গুরুতর জখম হয়। তাকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পরীক্ষা পরিচালনাকারী কেন্দুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ উত্তম কুমার কর এবং পারভীন সিরাজ মহিলা কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, এটি একটি জঘন্য ঘটনা। কেন্দুয়া থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় জড়িত রাজু, সুমন ও জাহাঙ্গীরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।