উত্তর পার-দক্ষিণ পারের লড়াই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দড়িগুলো ঝুলছে, তাতে কোনো পোস্টার নেই। তবে কোনো কোনো দড়ির সঙ্গে মোড়ানো ঝুলন্ত অবস্থায় সাদা কাগজ জানান দিচ্ছে, কাগজে কিছু একটা লেখা ছিল। ভাঙ্গা বাজারের ফল বিক্রেতা ও ৮ নম্বর ওয়ার্ডের ভোটার আবদুল আলীম ব্যাপারি জানালেন, ঝড়-বৃষ্টিতে একবার নষ্ট হওয়ার পর প্রার্থীরা দ্বিতীয়বারের মতো পোস্টার ঝুলিয়েছিলেন। গত সোমবারের ঝড়-বৃষ্টিতে তাও শেষ হয়ে গেছে। তবে হাটে-মাঠে-বাটে ঝুলছে হরেক রঙের হরেক আকারের ব্যানার। ব্যানারগুলো বলে দিচ্ছে নির্বাচন আসন্ন। আগামী শনিবার ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কিন্তু গত মঙ্গলবার ভোরে পৌর এলাকায় শুধু পোস্টারবিহীন দড়িগুলোই নজরে পড়ল। ২০ হাজার ১৬৩ ভোটারের এই পৌরসভায় মেয়র পদে ছয়জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ ও সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে অপর চার প্রতিদ্বন্দ্বি হলেন এওএম খালেদ (জাহাজ), রেজাউল করিম (আনারস), শহীদুল ইসলাম (টেলিভিশন) ও আকতাবউদ্দীন আহমেদ (দেওয়াল ঘড়ি)। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবু ফয়েজ মো. রেজা তালা ও বিএনপি সমর্থিত আবু জাফর মুন্সী কাপ-পিরিচ প্রতীক নিয়ে লড়ছেন।অনেক ভোটারদের কথায় বোঝা গেল, নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ-সমর্থিত বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু ফয়েজ মো. রেজা ও বিএনপি-সমর্থিত প্রার্থী পৌর বিএনপির সভাপতি আবু জাফর মুন্সির মধ্যে।স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ভাঙ্গা পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত কুমার নদের দুই পার অর্থাৎ উত্তর তথা কোর্ট পার (১, ২, ৪, ৫ নম্বর ওয়ার্ড) এবং দক্ষিণ পার তথা বাজার এলাকাবাসীর (৩, ৬, ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড) মধ্যে দ্বন্দ্ব আবহমান কালের। এই দ্বন্দ্বের কারণেই এককালের সমৃদ্ধ ‘কুমার গ্রাম’ আজকের ‘ভাঙ্গা’। তবে হালে এ দ্বন্দ্ব অনেকটাই কেটে গেছে—এমনটাই দাবি করলেন ২ নম্বর ওয়ার্ডের ভোটার আবদুর রহমান মাতুব্বর (৮৭)।আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবু ফয়েজ মো. রেজা কুমার নদের উত্তর পারের বাসিন্দা আর বিএনপির আবু জাফর মুন্সি দক্ষিণ পারের। আবু ফয়েজকে ভোট দেবেন কেন—জানতে চাইলে উত্তর পারের ২ নম্বর ওয়ার্ডের হাজারহাটি এলাকার ইসাহাক ফকির (৬০), ভারইডাঙ্গা গ্রামের মোতালেব খান (৬২) বলেন, ‘উনি জাতি ভদ্রলোক। কারও সঙ্গে খারাপ ব্যবহার করেন না। ওয়ান-ইলেভেনের পর সব নেতাই কেস খাইছেন আর উনি বুক ফুলাইয়া ঘুইরা বেড়াইছেন।’ এর ঠিক বিপরীত চিত্রই পাওয়া গেল দক্ষিণ পার এলাকায়। ৩ নম্বর ওয়ার্ডের আবু জাফর বলেন, ‘যে বিদেশে গিয়া পইড়া থাকে, তারে ভোট দেব না। সুখে-দুঃখে, রাইতে-বেয়ানে সব সময় যারে কাছে পাই, তাকেই ভোট দেব।’ আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবু ফয়েজ মো. রেজা জানালেন, গত নির্বাচনের পর পারিবারিক কারণে তাঁকে বেশ কিছু দিন আমেরিকা গিয়ে থাকতে হয়েছে। তবে আর বিদেশ যাবেন না। বিএনপি-সমর্থিত আবু জাফর মুন্সি বলেন, ‘কারচুপি বা গোনায় ভেজাল না হলে আমি জিতব।’