উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে সমন
চট্টগ্রাম নগরের উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে একটি আশ্রমের পরিচালনা কমিটির বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে করা মামলায় সমন জারি করেছেন আদালত। মামলায় কাউন্সিলর জহুরুল আলমের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগও করা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলমের আদালতে মামলাটি করেন নগরের কৈবল্যধাম আশ্রম পরিচালনা কমিটির সদস্য আইনজীবী চন্দন বিশ্বাস।
মামলার বাদী অভিযোগে উল্লেখ করেন, করপোরেশনের উদ্যোগে কৈবল্যধাম এলাকায় রাস্তার কাজ চলার সময় আশ্রমের দেয়ালে ফাটল ধরে। এ ছাড়া ২১ ফেব্রুয়ারি আশ্রম এলাকায় সমাবেশ করে পরিচালনা কমিটির সদস্যদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেন কাউন্সিলর।
জানতে চাইলে কাউন্সিলর জহুরুল আলম গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এলাকার উন্নয়নে রাস্তা তৈরি করছে সিটি করপোরেশন। আশ্রমের দেয়ালে ফাটল ধরেনি। কারও বিরুদ্ধে মানহানিকর কোনো বক্তব্য দেননি তিনি। রাস্তার কাজ যাতে বন্ধ না হয়, সে জন্য সমাবেশ করেছে এলাকার জনগণ।