উত্তর-পূর্ব ভারতে নজর দিলে সুফল পাবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দশক ধরে ভারতের কেন্দ্রীয় উন্নয়ন বরাদ্দের ১০ ভাগই দেওয়া হয় উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে। জনসংখ্যার আনুপাতিক হার কম হলেও ওই অঞ্চলের উন্নয়নের বিষয়টিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ বিবেচনায় ওই অঞ্চলের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ ও যোগাযোগের বিষয়টিতে গুরুত্ব দিলে তার সুফল পেতে পারে বাংলাদেশ। ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যসভার সদস্য মণিশঙ্কর আয়ার গতকাল শনিবার হোটেল শেরাটনে ইন্দো-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (আইবিসিসিআই) আয়োজিত মধ্যাহ্নভোজ সভার বক্তৃতায় এ অভিমত দেন।দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য ও পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের ৩৩ সদস্যের এক প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মণিশঙ্কর আয়ার। তিনি ভারতের ক্ষমতাসীন জোটের কংগ্রেস পার্টির প্রভাবশালী নেতা। প্রতিনিধিদলটি পাঁচ দিনের সফরে গতকাল দুপুরে ঢাকায় এসেছে। এ সফরের সময় বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের ব্যবসায়ীদের মধ্যে যৌথ বিনিয়োগে আটটি শিল্প স্থাপনে চুক্তি সইয়ের কথা রয়েছে। বাংলাদেশ সফরের সময় প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সঙ্গে দেখা করবে। এ ছাড়া বিনিয়োগ বোর্ড, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও চট্টগ্রাম চেম্বারের সঙ্গেও বৈঠক করবে তারা। মণিশঙ্কর বলেন, ভারতের মোট জনসংখ্যার মাত্র চার শতাংশ বাস করে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে। কিন্তু গত এক দশক ধরে উন্নয়ন বাজেটের ১০ ভাগই দেওয়া হয় ওই অঞ্চলে। পাশাপাশি বিশেষ মঞ্জুরি সহায়তা দেওয়া হচ্ছে রাজ্যগুলোতে। ভারতের কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে যে বিশেষ গুরুত্ব দিচ্ছে এসব পদক্ষেপ তারই বহিঃপ্রকাশ। কাজেই ওই অঞ্চলের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগালে ভারতের সঙ্গে বিদ্যমান ব্যাপক বাণিজ্য বৈষম্যও দূর হওয়ার ক্ষেত্র তৈরি হবে বলে মন্তব্য করেন এ নেতা।ভারতের উত্তর-পূর্বাঞ্চলবিষয়ক সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মণিশঙ্কর আয়ার মনে করেন, ওই অঞ্চলে বাংলাদেশের পণ্যের বাজারের সুযোগ যেমন রয়েছে, তেমনি রয়েছে বিনিয়োগের সুযোগ। তিনি বলেন, ‘ভারতের ওই অঞ্চলের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও উত্তর-পূর্বাঞ্চলের ব্যাপক সমৃদ্ধির সুযোগ রয়েছে। সম্ভাবনা দুই পক্ষের দুয়ারে কড়া নাড়ছে।’ ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তার বলেন, গত জানুয়ারিতে দিল্লি শীর্ষ বৈঠকের পর নতুন অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতীয় বাণিজ্য প্রতিনিধিদলের সফরের মধ্য দিয়ে ব্যবসায়ীরা এবার সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন। সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করতে পারবেন। নাগাল্যান্ড রাজ্যের শিল্প ও বাণিজ্যবিষয়ক সংসদীয় সচিব কে সি নিহোশে বলেন, ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে বাংলাদেশের বিনিয়োগকারীদের অনুরোধ জানাই। এর মধ্য দিয়ে ওই অঞ্চলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার হবে। আর উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ প্রতিষ্ঠিত হলে দেশের পূর্বাঞ্চলের করিডরের সঙ্গে যোগাযোগের পথ সুগম হবে।’অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর মুখ্যসচিব কিরেন রিজিজু বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সরাসরি যুক্ত হওয়ার মধ্য দিয়ে দুই পক্ষেরই সমৃদ্ধ হওয়ার ব্যাপক সুযোগ আছে। আবার বাংলাদেশের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠিত না হলে বিচ্ছিন্ন হয়ে থাকবে ওই অঞ্চলটি। তাই আমাদের দুই পক্ষের স্বার্থেই একের প্রতি অন্যের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত।’ আইবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ জানান, প্রতিনিধিদলের সফরের শেষে আটটি যৌথ বিনিয়োগের শিল্প স্থাপনের চুক্তি সই হবে। পাশাপাশি আগামী দিনে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের একটি দিকনির্দেশনা দেওয়া হবে।