
সামাজিক ব্যবসা সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। ফ্রান্সের লিলে শহরে এ বিষয়ে আয়োজিত এক সম্মেলনে গত শুক্রবার আলোচনায় অংশ নেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ওই সম্মেলন থেকে উত্তর ফ্রান্সকে সামাজিক ব্যবসা অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়।
২১ থেকে ২৪ অক্টোবর ওই সম্মেলনে এক হাজার ২০০ অংশগ্রহণকারীর সামনে বক্তৃতায় ড. ইউনূস বাংলাদেশে সামাজিক ব্যবসা শুরুর দিকে বিভিন্ন আঙ্গিকের সমস্যার মুখোমুখি হওয়ার তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সম্মেলনের প্রেসিডেন্ট ও সাবেক কৃষিমন্ত্রী ফিলিপ ভাসয়ুর উত্তর ফ্রান্সকে দেশের সামাজিক ব্যবসা অঞ্চল হিসেবে ঘোষণা করেন। এই প্রথম বিশ্বের কোনো দেশের কোনো প্রদেশকে সামাজিক ব্যবসা অঞ্চল হিসেবে ঘোষণা করা হলো।
‘সোবিজহাব’ নামের অঞ্চলটি কাজ করবে সামাজিক ব্যবসার নতুন উদ্ভাবন এবং এ ক্ষেত্রে ভবিষ্যৎ নেতা তৈরির কেন্দ্র হিসেবে। প্রায় এক বছর ধরে অঞ্চলটি সামাজিক ব্যবসার কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ চলছে।
ড. মুহাম্মদ ইউনূস ইউনিভার্সিটি অব লিলে পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেখানে সামাজিক ব্যবসা চেয়ার প্রবর্তনের ঘোষণা দেয়। এর লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের সামাজিক ব্যবসাভিত্তিক ভিন্ন অর্থনীতি শেখানো।