উত্তর বলে দেওয়ায় শিক্ষককে অব্যাহতি
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গত মঙ্গলবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার একটি কেন্দ্রে শিক্ষার্থীদের নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর বলে দেন মো. ফরহাদ হোসেন নামের এক শিক্ষক। পরে শিক্ষার্থীরা জানতে পারে সেগুলো ছিল ভুল উত্তর। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ফরহাদ হোসেন সুটিয়াকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জেএসসি পরীক্ষার প্রথম দিন মঙ্গলবার তিনি ওই কেন্দ্রে পরিদর্শকের দায়িত্বে ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র ও কয়েকজন পরীক্ষার্থী জানান, মঙ্গলবার উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে একটি কক্ষে পরীক্ষা দিচ্ছিল সুটিয়াকাঠি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। ফরহাদ হোসেন তাদের বাংলা প্রথম পত্রে নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর বলে দেন। পরীক্ষা শেষে ছাত্রীরা কেন্দ্র থেকে বের হয়ে জানতে পারে উত্তরগুলো ছিল ভুল। তারা বিষয়টি ইউএনও আবুল কালাম তালুকদারকে জানায়। তিনি ফরহাদ হোসেনকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেন। এ ছাড়া কেন্দ্রসচিব ও সুটিয়াকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক অনিমেষ মণ্ডলকে তিন দিনের মধ্যে এ ব্যাপারে জানানোর জন্য নোটিশ দেন।
গতকাল বুধবার ফরহাদ হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও বন্ধ পাওয়া যায়।
কেন্দ্রসচিব অনিমেষ মণ্ডল বলেন, পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীরা এ ব্যাপারে কোনো অভিযোগ করেনি। পরীক্ষা শেষ হওয়ার আধা ঘণ্টা পর বিষয়টি জানতে পারি। যথাসময়ে নোটিশের জবাব দেওয়া হবে।
ইউএনও আবুল কালাম তালুকদার বলেন, ‘পরীক্ষার্থীদের অভিযোগ পেয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ (গতকাল) ওই কেন্দ্রটি সরেজমিন পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি।’