উত্তর বাড্ডার একটি সড়কে যান চলাচল বন্ধ দেড় মাস

রাজধানীর উত্তর বাড্ডার স্বাধীনতা সরণি সড়কে দেড় মাসের বেশি সময় ধরে যানবাহন চলাচল বন্ধ। ভাঙাচোরা সড়কে পথচারীদের হাঁটাচলাতেও দুর্ভোগ পোহাতে হয়। পানি নিষ্কাশনের পাইপ বসানোর কাজ অর্ধসমাপ্ত অবস্থায় ফেলে রাখায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেন।
গতকাল মঙ্গলবার গিয়ে দেখা যায়, স্বাধীনতা সরণি সড়কে ঢুকতেই পানি নিষ্কাশনের পাইপের ভাঙা অংশ পড়ে আছে। পুরো সড়কেই কিছুদূর পরপর এমন ভাঙা পাইপ ছড়িয়ে আছে। সিমেন্টের তৈরি নতুন স্ল্যাব বসানো হয়েছে। এবড়োখেবড়ো সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইট, পাথরের টুকরোর কারণে এলাকার বাসিন্দাদের হাঁটতেও সমস্যা হচ্ছে।
এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, নভেম্বরের শেষের দিকে সড়কে খোঁড়াখুঁড়ি করা হয়। পানি নিষ্কাশনের পাইপ বসানোর কাজ চলে। কয়েক দিনের মধ্যে পাইপ বসানোর কাজ শেষ হলেও সড়কটি ব্যবহার উপযোগী করে দেওয়া হয়নি।
সড়কে অবস্থিত সোলায়মান ফেব্রিকসের মালিক মো. রাসেল মিয়া বলেন, ‘বৃষ্টি হলে দোকানের ভেতরে পানি ঢুকে যেত। ড্রেনের লাইন ঠিক হলে পানি আর উঠবে না ভেবে খুশি হলাম। কিন্তু গত এক মাসে যেভাবে রাস্তা কেটে ফেলে রাখছে, দোকানে লোকজন আসাই কমে গেছে। পাইপগুলো সরিয়ে মাটি সমান করে দিলেও লোকজন চলতে পারত।’
এই সড়কটি ব্যবহার করে বাগানবাড়ি, ময়নারবাগ এবং পূর্বাচল এলাকার লোকজন উত্তর বাড্ডার মূল সড়কে যাতায়াত করতেন। সড়ক বন্ধ থাকায় তাঁরা অনেকটা ঘুরে বিকল্প পথ ব্যবহার করছেন। দেখা যায়, স্বাধীনতা সরণির মুখেই দু-একটি রিকশা দাঁড়িয়ে আছে। এগুলো ঘুরপথে ময়নারবাগ, পূর্বাচলে লোকজনকে নিয়ে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা আবদুর রব বলেন, যাঁদের ব্যক্তিগত গাড়ি আছে তাঁরা সমস্যায় পড়েছেন। তেমনি রিকশা না চলায় সবাইকে হাঁটতে হচ্ছে। রাস্তায় ইট, পাইপ ফেলে রাখায় ভালোভাবে হাঁটার উপায়ও নেই। কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স ঢুকবে, সে পথও নেই।
এলাকার লোকজন বলছেন সড়কটি কেটেছে সিটি করপোরেশন। কিন্তু স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জানেন না সড়কটি কারা কেটেছে। এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। ওয়ার্ড কাউন্সিলর ওসমান গনি প্রথম আলোকে বলেন, ‘এলাকাটি বাড্ডা ইউনিয়ন পরিষদে নাকি সিটি করপোরেশনে পড়েছে, খোঁজ নিতে হবে। সিটি করপোরেশন কেটেছে কি না আমার জানা নেই। সিটি করপোরেশন করলে রাস্তা ঠিক করার ব্যবস্থা করব।’
সড়কের মাঝে অবস্থিত মর্নিং স্টার স্কুল অ্যান্ড কলেজের একাধিক শিক্ষক বলেন, সড়ক এভাবে কেটে রাখায় স্কুলের শিক্ষার্থীসহ এলাকার সবারই চলাচলে সমস্যা হচ্ছে। স্কুলের শিক্ষার্থীদের জন্য নতুন বছরের বই আনতে হয়েছে অনেকটা ঘুরপথ ব্যবহার করে।