উত্তর বাড্ডায় বহুতল ভবনে ভয়াবহ আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী ঢাকার উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়ার প্লাজা নামে ১৪ তলা এই ভবনটিতে আগুন লাগে। ছবি: আবদুস সালাম
রাজধানী ঢাকার উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়ার প্লাজা নামে ১৪ তলা এই ভবনটিতে আগুন লাগে। ছবি: আবদুস সালাম

রাজধানী ঢাকার উত্তর বাড্ডায় একটি বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বিটিআই প্রিমিয়ার প্লাজা নামে ১৪ তলা ভবনটিতে আগুন লাগে। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আজ বুধবার সকাল পৌনে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিস এখনো কাজ করছে। আগুনের এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, রাত আড়াইটার দিকে উত্তর বাড্ডার ওই ভবনে আগুন লাগে। রাত তিনটার দিকে খবর পায় ফায়ার সার্ভিস। তাদের ২৪টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। তিনি আরও বলেন, ভবনটির প্রথম চারটি তলায় আসবাবপত্রের দোকান। এই চারটি তলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন ছড়িয়ে পড়ায় ভবনের বাসিন্দারা ছাদে আশ্রয় নেন। ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক ব্যক্তিকে উদ্ধার করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন ছড়িয়ে যাওয়ার পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পানি না থাকা ও সরু গলির কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে। গাড়ি ঢোকাতে না পেরে ফায়ার সার্ভিসের কর্মীরা মাইকিং করে ভবনটির বাসিন্দাদের ছাদে যেতে বলেন।

ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নিচে শপিং সেন্টার ও ওপরে আবাসিক ফ্ল্যাট—এমন ভবন বেশ ঝুঁকিপূর্ণ। এ ছাড়া সরু গলির ভেতরে এমন ভবন নির্মাণের অনুমোদন দেওয়া উচিত নয়।

প্রিমিয়ার প্লাজার কয়েকজন বাসিন্দা ও এলাকাবাসী বলেন, ডেকো ফার্নিচার নামের একটি দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। তা দ্রুত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন মেজর শাকিল নেওয়াজ প্রথম আলোকে বলেন, ২৫ হাজার বর্গফুটের একটি ভবন তৈরি করা হয়েছে। কিন্তু সরু গলির কারণে উচ্চক্ষমতাসম্পন্ন গাড়িগুলোকে ঘটনাস্থলে যেতে বেগ পেতে হয়েছে।