
রাজধানীর উত্তর বাড্ডায় প্রিমিয়ার প্লাজা কমপ্লেক্স নামের একটি বহুতল ভবনে গত মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট প্রায় সাড়ে ৭ ঘণ্টায় আগুন নেভায়। তবে এতে কেউ হতাহত হয়নি। ভবনের বাসিন্দাদের গতকাল বুধবার অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ১৪ তলা এই ভবনের প্রথম চারটি তলায় আসবাবপত্রের দোকান। ওপরের তলাগুলো আবাসিক।
প্রিমিয়ার প্লাজার কয়েকজন বাসিন্দা ও এলাকাবাসী বলেন, এই ভবনে আবাসিক ফ্ল্যাট রয়েছে ১৩৬টি। নিচের চারটি তলায় শপিং কমপ্লেক্স। শপিং কমপ্লেক্সের একটি দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন ছড়িয়ে যাওয়ার পর রাত তিনটার দিকে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পানি না থাকায় ও সরু গলির কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে। গাড়ি ঢোকাতে না পেরে ফায়ার সার্ভিসের কর্মীরা মাইকিং করে ভবনের বাসিন্দাদের ছাদে যেতে বলেন। এরপর পাশের একটি গলিতে যায় ফায়ার সার্ভিসের গাড়ি। ফায়ার সার্ভিসের কর্মীরা একপর্যায়ে পেছনের একটি জলাশয় ও আশপাশের বাড়ি থেকে পানি ছিটাতে থাকেন। ফায়ার সার্ভিসের ১২১ জন কর্মী সকাল পৌনে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপরও শপিং কমপ্লেক্স থেকে ধোঁয়া বের হতে থাকে। সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
গতকাল সকালে দেখা যায়, দোতলা থেকে পাঁচতলার মালামাল পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিচতলায় ও ভবনটির সামনে পোড়া কাচের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে আছে। ভবনটির সামনে উদ্বিগ্ন বাসিন্দারা অবস্থান নিয়েছেন। তাঁরা বলেন, এক কাপড়ে নিচে নেমে এসেছেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান বলেন, ভবনটির প্রথম চারটি তলায় আসবাবপত্রের দোকান। এই চারটি তলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন ছড়িয়ে পড়ায় ভবনের কয়েক শ বাসিন্দা ছাদে আশ্রয় নেন। এ সময় তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক ব্যক্তিকে উদ্ধার করেন।
ভবনটির ১১ তলার বাসিন্দা রোকসানা জানান, সাহরির কারণে বেশির ভাগ বাসিন্দা জেগে ছিলেন। আগুন লাগার পরপরই তাঁরা ছাদে চলে যান। আগুন নিয়ন্ত্রণে এলে অনেককেই ফায়ার সার্ভিসের কর্মীরা নামিয়ে আনেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, দেয়ালে ফাটল দেখা যাওয়ায় ভবনটির কাঠামোও আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। তাঁরা বলেন, তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। ওই এলাকার দায়িত্বে থাকা রাজউক জোন-৪-এর অথারাইজড কর্মকর্তা মো. আদিলুজ্জামান বলেন, বুয়েট বিশেষজ্ঞদের পরিদর্শন করিয়ে ভবনটি ঝুঁকিপূর্ণ কি না, তা নিশ্চিত হওয়া যাবে। তবে ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ভবনটির নির্মাণপ্রতিষ্ঠান বাসিন্দাদের আপাতত থাকার ব্যবস্থা করেছে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অভিযান) মেজর শাকিল নেওয়াজ বলেন, ২৫ হাজার বর্গফুটের একটি ভবন তৈরি করা হয়েছে। কিন্তু সরু গলির কারণে উচ্চক্ষমতাসম্পন্ন গাড়িগুলোর ঘটনাস্থলে যেতে বেগ পেতে হয়েছে।