উত্তর ভারত মহাসাগর হাইড্রোগ্রাফিক কমিশনের সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে চট্টগ্রামে শুরু হয়েছে উত্তর ভারত মহাসাগর হাইড্রোগ্রাফিক কমিশনের ১৬তম আন্তর্জাতিক সম্মেলন। আজ সোমবার হোটেল রেডিসনে তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ।

নৌবাহিনীর প্রধান বলেন, বিশ্বের নব্বই ভাগ বাণিজ্য হয় সমুদ্রের মাধ্যমে। সর্বোচ্চ সমুদ্র সম্পদ সঠিকভাবে কাজে লাগাতে পারলে সদস্যভুক্ত দেশগুলোর অর্থনৈতিক অগ্রগতি সম্ভব।
সমুদ্র এলাকা ব্যবহারের জন্য হাইড্রোগ্রাফিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সমুদ্র সম্পদে আমাদের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সরকারও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে।
উদ্বোধনের পর সাংবাদিকদের নৌবাহিনীর প্রধান বলেন, ‘সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সমুদ্রসীমার বিরোধ নিরসন হয়েছে। এর ফলে আমরা ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সমুদ্র এলাকা অর্জন করেছি। এই সমুদ্র এলাকায় যে সম্পদ রয়েছে তা আহরণের জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।’
নিজামউদ্দিন আহমেদ আরও বলেন, বাংলাদেশ একটি মেরিটাইম নেশান। তাই দেশের জন্য সমুদ্র অঞ্চল প্রতিরক্ষা এবং সমুদ্রের যেসব সম্পদ রয়েছে, সেগুলো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে সম্মেলনে বিশ্ব হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশনের পরিচালক মোস্তফা ইপটেজ বলেন, পারস্পরিক সমন্বয়, যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে সমুদ্র সম্পদ চিহ্নিত করে তা আহরণের জন্য কাজ করা গেলে অগ্রগতি সম্ভব হবে।

উত্তর ভারত মহাসাগর হাইড্রোগ্রাফিক কমিশনের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন বলেন, পারস্পরিক তথ্য আদান-প্রদান এবং সহযোগিতার জন্য এই সম্মেলন ইতিবাচক ভূমিকা রাখবে।

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় আয়োজিত এই সম্মেলনে ১৬টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এর মধ্যে নয়জন প্রতিনিধি হলেন সদস্য রাষ্ট্র বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, সৌদি আরব, মিসর ও যুক্তরাজ্যের। এ ছাড়া পাঁচটি সহযোগী রাষ্ট্রের ( অস্ট্রেলিয়া, ফ্রান্স, ওমান, সিলিসিস ও যুক্তরাষ্ট্র) এবং দুটি পর্যবেক্ষক দেশ রাশিয়া ও সুদানের প্রতিনিধিরাও ছিলেন।