উত্তর রাজশাহী সেচ প্রকল্প নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ
প্রস্তাবিত উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নামছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। এ প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার প্রতিবাদে ইতিমধ্যে সংগ্রাম পরিষদের নেতারা জেলা-উপজেলায় মতমিনিময়, গণসংযোগ ও সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক শুরু করেছেন। কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান, সাংসদ ওমর ফারুক চৌধুরী, ফজলে হোসেন বাদশা, শাহরিয়ার আলম, মুহম্মদ জিয়াউর রহমান ও সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে তাঁরা মতবিনিময় করেছেন। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খান জানান, প্রথম অবস্থায় রাজশাহী অঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে মাঠপর্যায়ে এ প্রকল্প নিয়ে ব্যাপক জনমত তৈরি করা হবে। পর্যায়ক্রমে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, অবস্থান ধর্মঘট, বিভিন্ন প্রশাসনিক কার্যালয় ঘেরাও ও সর্বশেষে হরতাল কর্মসূচি দেওয়া হবে। এ লক্ষ্যে বর্তমানে কাজ করা হচ্ছে বলে তিনি জানান। জামাত খান বলেন, ‘প্রকল্পটি নিয়ে গড়িমসি ও গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। এর প্রতিবাদে ইতিমধ্যে রাজশাহীর মেয়র ও সাংসদদের সঙ্গে আলোচনা করা হয়েছে।’ তিনি জানান, কর্মসূচির অংশ হিসেবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সব উপজেলায় এ নিয়ে নানা কর্মসূচি পালন করা হবে। সূত্রমতে, ১৯৮৮ সালের দিকে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রথম দাবি ওঠে রাজশাহী থেকে। এ নিয়ে জাপানের জাইকা ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণা করে প্রকল্পটি বাস্তবায়নের জন্য তৎকালীন সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ে সুপারিশ করে। কিন্তু সে সময় আমলাতান্ত্রিক জটিলতা ও বিদেশি সাহায্য সংস্থার অজুহাতে প্রকল্পটি লাল ফিতায় আটকা পড়ে। এ নিয়ে তখন থেকেই আন্দোলন দানা বাঁধতে থাকে।