উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে গতকাল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। শহরের শহীদ সাটু হলের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় সংগ্রাম পরিষদের আহ্বায়ক শফিকুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ আবদুল ওদুদ, সদর উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন, জেলা আইনজীবী সমিতির সভাপতি সুলতানুল ইসলাম, জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি সাইদুর রহমান, সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুদ্দীন মণ্ডল, জেলা সড়ক পরিবহন সমিতির সভাপতি আমিনুল ইসলাম, জেলা রেড ক্রিসেন্টের সভাপতি মনিমউদ্দৌলা চৌধুরী, শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতা লুত্ফর রহমান, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, জেলা সিপিবি নেতা ঈসরাইল, নারীনেত্রী মর্জিনা হক, কৃষক নেতা শাহজাহান আলী, সাংবাদিক আনোয়ার হোসেন, এমরান ফারুক। বক্তারা বলেন, গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ পানি তোলার কারণে বরেন্দ্র অঞ্চল মরু প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। গভীর নলকূপের মাধ্যমে এ অঞ্চল থেকে যে পরিমাণ পানি তোলা হচ্ছে, বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় তা পূরণ হচ্ছে না। এতে পানির স্তর নিচে নেমে গেছে। সেদিন বেশি দূরে নেই, যেদিন সেচ তো দূরের কথা, খাবার পানির জন্য হাহাকার অবস্থার সৃষ্টি হবে। তাঁরা বলেন, এ অবস্থার হাত থেকে বরেন্দ্র অঞ্চলকে বাঁচাতে ‘উত্তর রাজশাহী সেচ প্রকল্প’ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এ প্রকল্প বাস্তবায়িত হলে ভূ-উপরিস্থ পানি অর্থাত্ পদ্মা ও মহানন্দা নদীর পানি দিয়ে এ অঞ্চলের ৭৪ হাজার ৮৫০ হেক্টর জমিতে সেচ দেওয়া সম্ভব। বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে এ অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য। যত দিন প্রকল্প বাস্তবায়ন করা না হবে, তত দিন আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন বক্তারা। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন উদীচী, সচেতন নাগরিক কমিটি, হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়, চরমোহনপুর উচ্চবিদ্যালয়, আলীনগর উচ্চবিদ্যালয়, হামিদুল্লাহ উচ্চবিদ্যালয়, শাহ নেয়ামতুল্লাহ কলেজ, বালুগ্রাম আদর্শ কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক সমিতি, জেলা আদর্শ উচ্চবিদ্যালয়, নামোশংকরবাটি কলেজ, প্রথম আলো বন্ধুসভা, জেলা জাসদ, জেলা সিপিবি, সবুজ সংঘ।