উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবি
জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। উত্তর রাজশাহী সেচ প্রকল্পসহ চলনবিল এলাকার সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা ও পদ্মার বাম তীর সংরক্ষণ প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের দাবিতে গতকাল রোববার তারা এ কর্মসূচি পালন করে। এর আগে বেলা ১০টার দিকে তারা রাজশাহী কোর্ট চত্বর শহীদ মিনার প্রাঙ্গণে এক সমাবেশের আয়োজন করে। সমাবেশ থেকে আগামী ৩০ জুনের মধ্যে দাবি না মানা হলে হরতাল আহ্বানের ঘোষণা দেওয়া হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি লিয়াকত আলী। বক্তৃতা করেন সাধারণ সম্পাদক জামাত খান, সহসাধারণ সম্পাদক সুফিয়া বেগম, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ প্রামাণিক, কবি জিএম হারুন, হারুন উর রশিদ, মঞ্জুর হাসানসহ গোদাগাড়ী, চারঘাট ও বাঘা অঞ্চলের প্রতিনিধিরা। জামাত খান বলেন, ‘আমাদের সাংসদেরা সংসদে রাজশাহীর দাবি ঠিকমতো তুলে ধরতে পারেন না। এ জন্য তাঁদের এমন জনগুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করতে হচ্ছে। আগামী ৩০ জুনের মধ্যে এ দাবি না মানা হলে রাজশাহীতে হরতাল ডাকা হবে।’ স্মারকলিপিতে বলা হয়, উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়িত হলে বৃহত্তর রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী জেলার ৭৪ হাজার ৮০০ হেক্টর জমিতে সেচ দেওয়া যাবে। এতে বছরে অতিরিক্ত ১৮০ কোটি টাকার ২ দশমিক ৫০ লাখ মেট্রিক টন খাদ্যশস্য উত্পাদন সম্ভব হবে।