উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় মানববন্ধন করা হয়েছে। উপজেলার সচেতন নাগরিক ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ যৌথভাবে মানববন্ধনের আয়োজন করে। এতে রাজনৈতিক ব্যক্তিত্ব, কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন।মানববন্ধনে বক্তব্য দেন নওগাঁ-১ আসনের (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) সাংসদ সাধনচন্দ্র মজুমদার, উপজেলা চেয়ারম্যান এনামুল হক, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খান, স্থানীয় কলেজশিক্ষক লুত্ফর রহমান প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, উজানের দেশ থেকে আসা পানির উত্সপথে জলাধার নির্মাণসহ প্রতিবেশী একটি দেশ কর্তৃক পদ্মা ও তিস্তা নদীর পানি নিয়ন্ত্রণ করার পদক্ষেপ নেওয়ায় এ অঞ্চলের ছোট-বড় সব নদী কয়েক দশক ধরে পানি শূন্য হয়ে পড়েছে। এ ছাড়া উত্তরাঞ্চলের গড় বৃষ্টিপাত কমে যাওয়া ও গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ পানি উত্তোলন বৃদ্ধি পাওয়ায় নওগাঁসহ বৃহত্তর রাজশাহীর বিভিন্ন জেলা ক্রমান্বয়ে মরু অঞ্চলে পরিণত হচ্ছে। এ অবস্থায় ভূগর্ভের পানি ক্রমেই কৃষকের নাগালের বাইরে চলে যাচ্ছে। ফলে কৃষিজাত পণ্যের উত্পাদন খরচ আগের তুলনায় বেড়ে গেছে। এ থেকে নওগাঁসহ বরেন্দ্র অঞ্চলকে বাঁচাতে ‘উত্তর রাজশাহী সেচ প্রকল্প’ বাস্তবায়নের বিকল্প নেই।