সেবা-সুবিধাকে নগরবাসীর দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা বলে ২০১১ সালের ডিসেম্বরে ঢাকা সিটি করপোরেশনকে দ্বিখণ্ডিত করা হয়েছিল। কিন্তু যে জনগণের জন্য সিটি করপোরেশন দুই ভাগ, তারাই সেবা পায় না। গত আড়াই বছরে নাগরিক সেবা দেওয়া দূরের কথা, উল্টো দুই করপোরেশনেই তৈরি হয়েছে নানা সমস্যা ও জটিলতা। এমনকি আর্থিক অনটনে বেতন দিতে সমস্যা হচ্ছে দক্ষিণের।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সূত্রে জানা গেছে, তাদের জনবলকাঠামো আজও তৈরি করা যায়নি। অবিভক্ত করপোরেশনের জমানো সব টাকা ও স্থায়ী আমানত (এফডিআর) ভেঙে খরচ করে ফেলা হয়েছে। ছয় মাস পর পর প্রশাসক বদল হওয়ায় কোনো কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয় না। পাশাপাশি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করা যাচ্ছে না অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়মের কারণে।
জনবলকাঠামো প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. ফারুক জলীল প্রথম আলোকে বলেন, জনবলকাঠামো তৈরি করার বিষয়ে বিভিন্ন আন্ত মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিতে হয়, যে কারণে এ ক্ষেত্রে দীর্ঘসূত্রতা রয়েছে। তবে রাজস্ব আয় মোটামুটি লক্ষ্যমাত্রা পূরণ করছে দাবি করে তিনি বলেন, ‘হোল্ডিং ট্যাক্স (গৃহকর) বাড়ানোর বিষয়ে চিন্তা করছি। দুই সিটি করপোরেশনের কর্মকর্তারা এ বিষয়ে মোটামুটি একমত। এটি কার্যকর করা গেলে আয় আরও বাড়বে।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সূত্র জানায়, এই সংস্থার পাঁচটি আঞ্চলিক কার্যালয় থেকে বিভিন্ন প্রকল্পের আওতায় উন্নয়নের নামে ক্রয়সহ রাস্তা-ড্রেন-ফুটপাত-বিভিন্ন চত্বর সংস্কার, মেরামত ও তৈরির জন্য প্রতিনিয়ত ঠিকাদারদের কার্যাদেশ দেওয়া হচ্ছে। কিন্তু কাজ শেষ না করেই অধিকাংশ ঠিকাদার বিল জমা দিয়ে তুলে নিচ্ছেন। এই সংস্থায় আয় প্রায় নেই। ৪০০ কোটি টাকার গৃহকর আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও ৪ ভাগের ১ ভাগও আদায় হয় না। ‘খাস কালেকশনের’ ক্ষেত্রেও অনিয়মের কারণে পাঁচ কোটির জায়গায় বছরে পাঁচ লাখ টাকাও আদায় হয় না। ডিএসসিসিতে ঠিকাদারদের ১৪১ কোটি টাকা বকেয়া বিল জমেছে। নিয়মিত বেতন না পেয়ে হতাশ কর্মকর্তা-কর্মচারীদের অধিকাংশই ঠিকমতো কার্যালয়ে উপস্থিত হন না।
জানতে চাইলে ডিএসসিসির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মো. ওমর ফারুক বর্তমানে ঠিকাদারদের ১৪১ কোটি টাকার বিল বকেয়া রয়েছে বলে স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘স্টাফদের গত কয়েক মাস ধরে বেতন দিতে কষ্ট হচ্ছে। সামনে বেতন-বোনাস কীভাবে দেব, তা নিয়েই ভাবছি।’
ডিএসসিসির পাওয়া নথি অনুযায়ী, ২০১১ সালে সিটি করপোরেশন ভাগ হওয়ার সময় দক্ষিণ কর্তৃপক্ষ ২০ কোটি টাকার স্থিতি এবং এক হাজার ৭৮১ কোটি ৬৮ লাখ টাকার বাজেট নিয়ে যাত্রা শুরু করে। কিন্তু প্রথম সাত মাসে ব্যয় মিটিয়ে আয় ছিল মাত্র ১৫ কোটি টাকা। ২০১৪-১৫ অর্থবছরের জন্য তাদের স্থিতি সাড়ে ৬৩ কোটি টাকা। এ বছর বাজেটে বরাদ্দও কমেছে প্রায় ৩১০ কোটি টাকা।
এদিকে অবিভক্ত সিটি করপোরেশনের ২০৪ কোটি টাকার স্থায়ী আমানতের অর্ধেক না পেয়ে ক্ষুব্ধ উত্তর কর্তৃপক্ষ। ১০২ কোটি টাকা থেকে মাত্র ৩০ কোটি টাকার সুদাসল মিলিয়ে মোট ৪৪ কোটি টাকা পাওয়া গেছে বলে জানান ডিএনসিসির হিসাব বিভাগের কর্মকর্তারা।
ডিএনসিসির নথি অনুযায়ী, উত্তর সিটি করপোরেশন ২০ কোটি টাকার স্থিতি এবং এক হাজার ৯৬৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকার বাজেট লক্ষ্যমাত্রা নিয়ে যাত্রা শুরু করে। ২০১১-১২ অর্থবছরের প্রথম সাত মাসে রাজস্ব আয় হয় প্রায় ১৬৭ কোটি টাকা। আর বিভিন্ন প্রকল্প থেকে আরও ৩৬৭ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা আয় করে উত্তর। ২০১২-১৩ অর্থবছরে ৫০৪ কোটি ২১ লাখ টাকা আয়ের উদ্দেশ্যে কাজ শুরু করে রাজস্ব আয় হয় প্রায় সাড়ে চার শ কোটি টাকা। প্রকল্পভিত্তিক আয় ৪৯৩ কোটি ১১ লাখ টাকা। আর চলতি ২০১৪-১৩ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮১০ কোটি ৭৭ লাখ টাকা। এসব হিসাবে উত্তর মোটামুটি লাভবান পর্যায়ে রয়েছে বলে দাবি করেন প্রধান নির্বাহী কর্মকর্তা বি এম এনামুল হক।