উত্তর সিটি করপোরেশনে ২০০ গণশৌচাগার হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে উন্নত মানের ২০০ গণশৌচাগার নির্মাণ করা হবে। পুরোনো গণশৌচাগারগুলো ভেঙে নতুন স্থানে এগুলো নির্মাণ করা হবে। আগামী জুনের মধ্যে ৪৩টি এবং ডিসেম্বরের মধ্যে আরও ৪০টি নির্মাণের পরিকল্পনা রয়েছে।
বনানীর একটি হোটেলে আয়োজিত গণশৌচাগারবিষয়ক মতবিনিময় সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক এ ঘোষণা দেন। ডিএনসিসি ও বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াটার এইড গত সোমবার সন্ধ্যায় এ সভার আয়োজন করে।
উন্নতমানের গণশৌচাগার না থাকা রাজধানীর একটি বড় সমস্যা বলে উল্লেখ করে মেয়র বলেন, রাস্তায় বেরোলে বিশেষ করে নারীরা বেশি সমস্যায় পড়েন। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তিনি এ বিষয়ে উদ্যোগ নিচ্ছেন।
দুই বছর আগে গাবতলী বাস টার্মিনাল এলাকায় গণশৌচাগার নির্মিত হয়েছিল। মেয়র বলেন, এ রকম আরও আটটি নির্মাণের কাজ চলছে। দুটির কাজ প্রায় শেষ। বাকিগুলোও কম সময়ে শেষ হবে।
সভায় আমন্ত্রিত ডিএনসিসি এলাকায় অবস্থিত সিএনজি স্টেশন ও পেট্রলপাম্পের মালিকেরাও ছিলেন। তাঁদের উদ্দেশে মেয়র বলেন, পরিকল্পনা অনুযায়ী উন্নতমানের গণশৌচাগার নির্মাণ করতে হলে পাম্পগুলোর উন্মুক্ত স্থানকে কাজে লাগাতে হবে। অস্বাস্থ্যকর বলে ডিএনসিসি এলাকায় ৮৯টি পেট্রলপাম্প ও সিএনজি স্টেশন এলাকার গণশৌচাগারগুলোয় সাধারণ মানুষ সহজে যেতে পারে না। মালিকেরা ২০০ থেকে ৩০০ বর্গফুট জায়গা ছেড়ে দিলে উন্নতমানের তিন থেকে চারটি শৌচাগার বানানো সম্ভব হবে।
জবাবে মালিকেরা অবশ্য নানা সমস্যা ও ঝুঁকির বিষয় তুলে ধরেন। সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ খান এ ক্ষেত্রে জনসচেতনতা বাড়ানোর কথা বলেন। পেট্রলপাম্প মালিক সমিতির সভাপতি নাজমুল হক বলেন, রাস্তা চওড়া করা এবং অপেক্ষমাণ গাড়ির কারণে ঢাকায় সিএনজি ও পেট্রলপাম্প স্টেশনগুলোর জায়গা কমে গেছে। তবে সিটি করপোরেশনের উদ্যোগকে দুজনই স্বাগত জানান।
ওয়াটার এইডের পরিচালক খায়রুল ইসলাম বলেন, শুধু সংস্কার ও ব্যবস্থাপনার দায়িত্ব নিলেই সিএনজি স্টেশনগুলোতে সাধারণ মানুষের জন্য শৌচাগার নির্মাণ করা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতি ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বি এম এনামুল হক। ঢাকা উত্তর সিটি করপোরেশনের গণশৌচাগারগুলো নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারেক বিন ইউসুফ।