উত্তর সিটির ২২০০ কোটি টাকার সম্ভাব্য বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশন ২০১৬-১৭ অর্থবছরের জন্য সম্ভাব্য ২ হাজার ২০০ কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে। গত অর্থবছরের তুলনায় এবারের বাজেটের আকার হবে প্রায় ৬০০ কোটি টাকা বেশি। আজ বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের বোর্ড সভায় বাজেট চূড়ান্ত করার কথা রয়েছে। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করা হবে বলে জানা গেছে।
সম্ভাব্য বাজেট বিষয়ে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক প্রথম আলোকে বলেন, বাজেটে সড়ক, ফুটপাত, কিছু পার্কসহ অবকাঠামো উন্নয়নকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের সড়ক উন্নয়নের জন্য তিন বছরের প্রকল্প অনুমোদন দিয়েছে। দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যা সমাধানে বিশেষ বিশেষ ক্ষেত্র চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হচ্ছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রের দায়িত্ব গ্রহণের পর আনিসুল হক ২০১৫ সালের ২৯ জুলাই ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেছিলেন। ১ হাজার ৬০১ কোটি ৯৫ লাখ টাকার সেই বাজেটের আয়ের প্রধান খাত ছিল ডিএনসিসির নিজস্ব আয়। ওই বাজেটে হোল্ডিং ট্যাক্স থেকে রাজস্ব আয় ধরা হয়েছিল ৪১০ কোটি টাকা। তবে ডিএনসিসি সূত্রে জানা যায়, সেই লক্ষ্যমাত্রার দুই-তৃতীয়াংশও পূরণ হয়নি। বাজার সেলামি থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৬০ কোটি টাকা, কিন্তু আয় হয়েছে ৫ কোটি টাকারও কম।
এবারের বাজেটেরও প্রায় ৫০ শতাংশ ডিএনসিসির নিজস্ব আয় থেকে পাওয়ার আশা করা হচ্ছে। এই নিজস্ব আয়ের অধিকাংশই হোল্ডিং ট্যাক্স থেকে পাওয়ার আশা করছেন ডিএনসিসির কর্মকর্তারা। এ ছাড়া আয়ের উল্লেখযোগ্য খাত হিসেবে সরকারি অনুদান এবং সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পকে ধরা হয়েছে।
এবারের বাজেটেও সড়ক ও ট্রাফিক অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হচ্ছে বলে জানা গেছে। এ ছাড়া বাজেটের বড় অংশ ব্যয় হবে ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, বিদ্যুৎ, জ্বালানি ও পানি, বর্জ্যব্যবস্থাপনা, মশক নিধন, বাজার নির্মাণ ও উন্নয়ন, উদ্যান ও খেলার মাঠ উন্নয়নে।
এ বছরের ১৪ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় যানজট নিরসন ও সড়ক অবকাঠামোর উন্নয়নে তিন বছরের প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ১ হাজার ২৫ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামো উন্নয়নসহ নর্দমা ও ফুটপাত নির্মাণ’ শীর্ষক এই প্রকল্প অনুমোদিত হয়। এই প্রকল্পের আওতায় ২০৪ দশমিক ৮২ কিলোমিটার সড়ক অবকাঠামো উন্নয়ন, ২৬৭ দশমিক ২৭ কিলোমিটার ড্রেন ও ১১৯ দশমিক ২৭ কিলোমিটার ফুটপাত নির্মাণ করা হবে। এই ১ হাজার ২৫ কোটি টাকার প্রাপ্য অংশ নতুন বাজেটে সরকারি প্রকল্প আকারে দেখানো হবে বলে ডিএনসিসি সূত্রে জানা গেছে।
এই বছরের ৯ মে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় ঢাকার আশপাশের ১৬টি ইউনিয়ন ঢাকার দুই সিটি করপোরেশনে যুক্ত করার সিদ্ধান্ত হয়। এর ফলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে আটটি ইউনিয়ন যুক্ত হয়। এগুলো হচ্ছে বেরাইদ, বাড্ডা, ভাটারা, সাতারকুল, হরিরামপুর, উত্তরখান, দক্ষিণখান ও ডুমনি (খিলক্ষেত)।
রাজধানীর অংশ হলেও নতুন যুক্ত হওয়া এই আটটি ইউনিয়নে এখনো অনেকটা গ্রামীণ বৈশিষ্ট্য বিদ্যমান। এসব ইউনিয়নের বাসিন্দারা নগরের অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। ঢাকা জেলা প্রশাসন এখনো ডিএনসিসিকে ইউনিয়নগুলোর দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় এবারের বাজেটে ইউনিয়নগুলোর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি।
এ বিষয়ে উত্তরের মেয়র আনিসুল হক প্রথম আলোকে বলেন, ইউনিয়নগুলোতে এখন যে উন্নয়নকাজ চলছে, সেগুলো চলবে। পাশাপাশি এগুলোর বিষয়ে আলাপ-আলোচনা চলছে। ডিএনসিসির পক্ষ থেকে পরিকল্পনা করা হচ্ছে। মন্ত্রণালয় থেকে লোকবল, বরাদ্দ পেলে ডিএনসিসি কাজ শুরু করবে।