উত্তরখান ও ডেমরায় র্যাবের অভিযান
রাজধানীর উত্তরখান ও ডেমরায় গতকাল মঙ্গলবার পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ নকল ট্যাং, ওরস্যালাইন, টেস্টি স্যালাইন, ভেজাল হোমিও ও ইউনানি ওষুধ জব্দ করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
ডেমরায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ওষুধ তৈরির অভিযোগে মো. আলী হোসেন নামে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া উত্তরখান এলাকায় নকল ট্যাং ও স্যালাইন তৈরির অভিযোগে জাহিদ মিয়াকে (৪০) দুই বছরের জেল ও দুই লাখ টাকা জরিমানা করা হয়।
সকাল সাড়ে ১১টার দিকে ডেমরার শান্তিবাগে কোনাপাড়ার শামসুল হক সড়কে ঢাকা হোমিও ল্যাবরেটরিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযানে ৪৯ ধরনের ওষুধ জব্দ করা হয়।
ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, দূষিত ও নোংরা পরিবেশে এসব ওষুধ তৈরি করা হয়। এ ছাড়া এগুলোতে পচা ও নষ্ট কাঁচামাল ব্যবহার করা হচ্ছিল। ওষুধের মান নিয়ন্ত্রণের ব্যবস্থা কারখানাটিতে ছিল না। পরে দোষ স্বীকার করে দুই লাখ টাকা জরিমানা পরিশোধ করেন কারখানার মালিক আলী হোসেন।
এদিকে বিকেল তিনটার দিকে উত্তরখানের পুরাতন মসজিদ এলাকার একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ট্যাং, ওরস্যালাইন, টেস্টি স্যালাইন জব্দ করেন র্যাব-১-এর ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-১-এর এএসপি ফজলে এলাহী প্রথম আলোকে জানান, বিভিন্ন ধরনের রাসায়নিক মিশিয়ে এখানে ট্যাং ও স্যালাইন তৈরি করা হয়। জব্দ করা এসব সামগ্রীর মূল্য ১৫ লাখ টাকা। চার বছর ধরে এই ব্যবসা চলে আসছিল। কারখানাটি সিলগালা করে এর মালিক জাহিদ মিয়াকে দুই বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়।