উত্তরখান ও তুরাগে দুজন খুন
উত্তরখান ও তুরাগে এক ভ্যানচালকসহ দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকালে দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়েছে।
নিহত ব্যক্তিদের একজন আবদুল আওয়াল (৩৮), অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
আবদুল আওয়ালের শ্যালক মো. জাহাঙ্গীর বলেন, তাঁর ভগ্নিপতি স্থানীয় একটি বেকারিতে ভ্যানচালকের কাজ করতেন। মাঝেমধ্যে বিভিন্ন দোকান থেকে বেকারির পণ্য বিক্রির টাকাও সংগ্রহ করতেন। গত সোমবার রাত পৌনে একটার দিকে উত্তরখানের পূর্বপাড়ায় আবদুল আওয়ালের মরদেহ পাওয়া যায়।
উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বলেন, গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটেছে। তিনি বলেন, এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে।
আবদুল আওয়ালের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর। স্ত্রী, দুই সন্তানসহ তিনি উত্তরখানের মধ্যপাড়ায় থাকতেন।
এ ছাড়া সোমবার সন্ধ্যায় তুরাগ থানার নলভোগ খালপার এলাকায় এক যুবকের মরদেহ পাওয়া যায়। তাঁর গলা ও চোখে ধারালো অস্ত্রের ক্ষত ছিল।
তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান বলেন, যুবকের বয়স আনুমানিক ২২ বছর। তাঁর পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে ফেলে গেছে। এ ঘটনায় তুরাগ থানায় মামলা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই যুবকের পরনে কালো রঙের প্যান্ট ও কালো রঙের টি-শার্ট ছিল।