উত্তরখানের বাবুর্চিবাড়ি মোড় দুই মাস ধরে জলাবদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাসেরও বেশি সময় ধরে জলাবদ্ধ হয়ে আছে উত্তরখান ইউনিয়ন পরিষদের চেরাগিপাড়ার বাবুর্চিবাড়ি মোড়ের চারটি রাস্তা। বৃষ্টি হলে পানি বাড়ে। কিন্তু জলাবদ্ধতার নিরসন হয় না।

উত্তরখান শাহ্ কবির মাজারের পাশে থাকা চেরাগিপাড়ার বাবুর্চিবাড়ি মোড়ে গতকাল সোমবার দুপুরে গিয়ে দেখা যায়, এখানে মিলিত চারটি রাস্তায় পানি জমে আছে। অনেক দিন আটকে থাকায় পানি কালো হয়ে গেছে। দুর্গন্ধ ছড়াচ্ছে। সেই পানি মাড়িয়ে যাতায়াত করছে এলাকাবাসী। রাস্তার মাঝে ফেলে রাখা হয়েছে বালুর বস্তা। সেটিই নিরাপদে হাঁটার একমাত্র অবলম্বন। তবে ভারী বৃষ্টি হলে সেগুলোও তলিয়ে যায় বলে জানালেন স্থানীয় বাসিন্দারা।

চেরাগিপাড়ার স্থায়ী বাসিন্দা সবজির দোকান দেওয়া সফির উদ্দিন নিজের দোকান দেখিয়ে বলেন, ‘এই যে আজকে তো দেখছেন আমার দোকানে পানি নেই, কিন্তু পাঁচ দিন ধরে আমার দোকানে পানি ছিল।’ তিনি আরও বলেন, ‘বৃষ্টি হলে রাস্তার পানি হাঁটু ছাড়িয়ে যায়।’ বাড়ির ভেতর পানি উঠে যাওয়ায় পানিবন্দী অবস্থায় থাকছে অনেক পরিবার। প্রচণ্ড কষ্টে দিন যাপন করছেন বলে জানালেন এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম।

এদিকে দীর্ঘদিন ধরে এ জলাবদ্ধতার কারণে অনেকেই আক্রান্ত হচ্ছে পানিবাহিত রোগ ও বিভিন্ন চর্মরোগে। চেরাগিপাড়ার গণকবরস্থান সড়কের বাসিন্দা মো. হাসিবুল বলেন, ‘কয়েক দিন আগে আমার পরিবারের সবার ডায়রিয়া হইসে।’ এ সময় হাসিবুলের স্ত্রী জানান, হাসিবুল নিজে এখনো পুরোপুরি সুস্থ হননি।

রাস্তায় জলাবদ্ধতার কারণে প্রতিদিন ভোগান্তিতে পড়ছে চেরাগিপাড়ায় বসবাসকারী শিক্ষার্থী ও অভিভাবকেরা। পানি জমে থাকায় যাতায়াতের জন্য সময়মতো কোনো যানবাহন পাওয়া যাচ্ছে না। অতিরিক্ত ভাড়া দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও রাজি হন না অনেক রিকশাচালক। বাবুর্চিবাড়ি মোড়ের পাশেই থাকা এডি ইন্টারন্যাশনাল স্কুলে অধ্যয়নরত এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, রাস্তায় পানি জমে থাকার কারণে বাচ্চাদের স্কুলে আনা-নেওয়া করতে অনেক সমস্যা হচ্ছে। অতিরিক্ত ভাড়া দিলেও কোনো রিকশা এ পথে আসতে রাজি হয় না।

উত্তরখান ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মাহমুদুল হাসান বলেন, ইউপি চেয়ারম্যানের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। খুব দ্রুত ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে শ্রমিক নিয়ে আমরা নর্দমা সংস্কারের কাজ করব। ওই এলাকায় পাইপ বসানোর কাজ শুরু করা হয়েছে। কিন্তু অর্থ বরাদ্দ না থাকায় কাজটি শেষ করা সম্ভব হয়নি।