উত্তরপত্র, ওএমআর পাচারের চেষ্টা! দুই ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার উত্তরপত্র এবং ওএমআর পাচারের চেষ্টার অভিযোগে গতকাল বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পোস্ট অফিসের পোস্টম্যান মতিউর রহমান ও রানার মনসুর আলীকে গ্রেপ্তার করা হয়েছে।জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজ কেন্দ্র থেকে ২০১০ সালের অনার্স প্রথম বর্ষের এক বান্ডিল উত্তরপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠানো হয়। একই পরীক্ষার গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক কম্পিউটার ইউনিট বরাবর চার হাজার ১০০ গ্রাম ওজনের ওএমআর (পরীক্ষার্থীর অংশ) পাঠানো হয়। গতকাল সকাল আটটার দিকে পোস্টম্যান মতিউর রহমান ও রানার মনসুর আলী যোগসাজশের মধ্যে ওই উত্তরপত্র এবং ওএমআর বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সেখানে কর্তব্যরত আনসার সদস্যরা তাঁদের আটক করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তায়েহীদ জামিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উত্তরপত্রগুলো বাইরে নিয়ে যেতে পারলে এর ফলাফল পরিবর্তন করা সম্ভব হতো। তবে এর আগেও কোনো পরীক্ষার ক্ষেত্রে এ রকম ঘটেছে কি না, সে বিষয়টিও দেখা হবে।