উত্তরপত্র খোয়া, শিক্ষক নিয়োগের পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রিক আনন্দ স্কুলে শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এক প্রার্থীর উত্তরপত্র হারিয়ে যাওয়ায় উপজেলা প্রশাসন গতকাল সোমবারের নির্ধারিত ওই পরীক্ষা স্থগিত করে।পরীক্ষার্থী রাবেয়া ইসলাম জানান, ৩ মে তিনি গৌরীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে পরীক্ষা দেন। ১২ মে ফল প্রকাশিত হয়। তালিকায় নাম না দেখে তাঁর সন্দেহ হয়। তিনি তাঁর উত্তরপত্র দেখতে চেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে আবেদন করেন। পরে ওই কার্যালয় থেকে তাঁকে জানানো হয় তাঁর উত্তরপত্র হারিয়ে গেছে। রাবেয়া দাবি করেন, পরীক্ষার খাতায় তিনি সই দিয়েছেন। এ ছাড়াও পরীক্ষাকেন্দ্রের সচিব এনামুল হক তাঁকে পরীক্ষা দিতে দেখেছেন। কেন্দ্রসচিব এনামুল হক বলেন, ‘ওই পরীক্ষার্থীর ডাক নাম ডলি। সে ব্যক্তিগতভাবে আমার পরিচিত। সে ওই পরীক্ষায় অংশ নিয়েছিল।’ইউএনও শায়লা ইয়াসমিন বলেন, ‘ওই পরীক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখব। আপাতত মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।’ সঠিক বয়সে বিদ্যালয়ে যেতে পারেনি এবং বিদ্যালয় থেকে ঝরে পড়েছে এমন শিশুদের জন্য আনন্দ স্কুলে লেখাপড়ার ব্যবস্থা করেছে সরকার। এসব স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া হয়। বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের সহায়তায় একটি প্রকল্পের আওতায় এ স্কুলের কার্যক্রম চালাচ্ছে। সারা দেশে ২৩ হাজার ৬০০ স্কুলে আট লাখ শিশু লেখাপড়া করে।