উত্তরপত্র ছেঁড়ার ঘটনায় তদন্ত দল পরীক্ষাকেন্দ্রে
কক্সবাজারের চকরিয়ায় ৯ ফেব্রুয়ারি চকরিয়া সরকারি বালিকা বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে বাংলা প্রথম পত্রের ৮৬টি উত্তরপত্র ছেঁড়ার ঘটনায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক গঠিত তদন্ত দল গতকাল মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আগের দিন সোমবার চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘটনাটি তদন্তে শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়াকে আহ্বায়ক, শিক্ষা বোর্ডের উপসচিব মো. মাহবুব হাসান ও উপপরীক্ষা নিয়ন্ত্রক ইলিয়াছ উদ্দিন আহমদকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত দল গতকাল সকাল ১১টায় ঘটনাস্থলে পৌঁছেই পরীক্ষার্থী, কেন্দ্রের পরিদর্শক, কেন্দ্র সচিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অভিভাবকের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত নিয়েছে।
কেন্দ্রের ৫ নম্বর কক্ষের পরীক্ষার্থী আসমাউল হুসনা পিংকি, জিতু বৈদ্য ও জাকিয়া আহমদ নৈর্ব্যক্তিক উত্তরপত্র দিতে পরিদর্শকেরা ১৫-২০ মিনিট সময়ক্ষেপণ করেন বলে তদন্ত দলের কাছে অভিযোগ করে। তারা বলে, এ কারণে ওই দিনের পরীক্ষাকেন্দ্রের সব পরীক্ষার্থী যথাসময়ে সব উত্তর লিখতে পারেনি। এতে পরীক্ষার্থীরা ক্ষুব্ধ হয়।
তদন্ত দলের প্রধান ও কলেজ পরিদর্শক সমুন বড়ুয়া বলেন, ‘আমরা প্রাথমিকভাবে তদন্ত করছি। আরও তদন্ত হবে। এরপর আগামী ২০ ফেব্রুয়ারি বোর্ড চেয়ারম্যানের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’
এদিকে কক্সবাজার জেলা প্রশাসনের গঠিত তদন্ত দলের প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. আলাউদ্দিন খান বলেন, পরীক্ষার হল পরিদর্শকের ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাঁদের আগের নিয়মে মাদ্রাসায় ও বিদ্যালয় শিক্ষকদের বিদ্যালয়ে পরিদর্শকের দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিদ্যালয়ের শিক্ষকেরাই বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা নিয়েছেন।
৯ ফেব্রুয়ারি চকরিয়া সরকারি বালিকা বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের ৬ ও ৪ নম্বর কক্ষের ৮৬ জন পরীক্ষার্থীর উত্তরপত্র ছিঁড়ে ফেলা হয়। পরিদর্শকেরা নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র দিতে সময়ক্ষেপণ করায় পরীক্ষার্থীরা সব উত্তর লিখতে না পারায় কেন্দ্রের ভেতরে চেঁচামেচি শুরু করে। এতে পরিদর্শকেরা উত্তরপত্র কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। এ সময় কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ কিছু অভিভাবক কেন্দ্রের ভেতরে ঢুকে পরীক্ষার্থীদের সঙ্গে চেয়ার, টেবিল, কেন্দ্রের অফিস কক্ষের দরজা ও কাচ ভাঙচুর করেন। এ ঘটনায় ১৫-২০ জন অজ্ঞাত পরীক্ষার্থীকে আসামি করে থানায় মামলা করেন কেন্দ্রের সচিব ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম।