উত্তরপত্র তৈরির দায়ে শিক্ষকের ২ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার প্রশ্ন কেন্দ্রের বাইরে নিয়ে উত্তরপত্র তৈরির সময় হাতে-নাতে ইসলাম হোসেন নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালত দুই বছর কারাদণ্ড দেন।

ইসলাম হোসেন দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোকতার হোসেন প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ইসলাম হোসেনসহ আরও দুজন শিক্ষক আজকের (রোববার) এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বাইরে নিয়ে উত্তরপত্র তৈরি করছেন। এমন সংবাদ পেয়ে কেন্দ্রসংলগ্ন একটি গুদামে বা গোডাউনে পুলিশ অভিযান চালায়। এ সময় দুজন শিক্ষক পালিয়ে গেলেও পুলিশ ইসলাম হোসেনকে প্রশ্নপত্রসহ আটক করে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সাক্ষ্যপ্রমাণ ও শিক্ষক দোষ স্বীকার করায় তাঁকে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০-এর ৮ ও ৯ ধারায় দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বিকেলে তাঁকে কুষ্টিয়া কারগারে পাঠানো হবে।