উত্তরপত্র মূল্যায়নকালে দুজনের হাতাহাতি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গতকাল মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের সময় দুজন শিক্ষকের মধ্যে হাতাহাতি হয়েছে। এ সময় একটি চেয়ার ভাঙচুর ও উত্তরপত্র তছনছের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এক পক্ষে নেতৃত্ব দিচ্ছেন হাছান ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র তালুকদার, অপর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ ভট্টাচার্য। গতকাল উপজেলা সদরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে উত্তরপত্র মূল্যায়নের সময় সুদীপ কয়েকজন শিক্ষকের কাছ থেকে উপস্থিতির কথা বলে সাদা কাগজে স্বাক্ষর নেন। বিষয়টি ধীরেন্দ্রর নজরে এলে তিনি এ ব্যাপারে সুদীপকে জিজ্ঞেস করতে নিচতলার কক্ষে যান। এ সময় দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। স্বাক্ষর দেওয়া গড়গড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়না মিয়া জানান, ‘উত্তরপত্র মূল্যায়নের উপস্থিতির কথা বলে সুদীপ আমাদের স্বাক্ষর নিয়েছেন। পরে জানতে পারি, ধীরেন্দ্রর বিরুদ্ধে অভিযোগ দিতে তিনি এই স্বাক্ষর নিয়েছেন।’উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির একাংশের সভাপতি সুদীপ বলেন, ‘আমার সমিতির সভা উপলক্ষে সদস্যদের কাছ থেকে স্বাক্ষর নিই। এ বিষয়ে ধীরেন্দ্র আমার ওপর চড়াও হয়ে আমাকে মারতে আসেন।’শিক্ষক সমিতির অপর অংশের সভাপতি ধীরেন্দ্র বলেন, ‘তিনি ওই কক্ষের কোনো দায়িত্বে না থাকার পরও শিক্ষকদের মিথ্যা উপস্থিতির কথা বলে স্বাক্ষর নিয়েছেন।’উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, তুচ্ছ বিষয় নিয়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছি। অভিযুক্ত শিক্ষকেরা এ ঘটনার জন্য ক্ষমা চেয়ে ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে অঙ্গীকার করেছেন। এসআই আবুল কাশেম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করে।