জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০ সালের স্নাতকোত্তর (মাস্টার্স) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে ভুল করার অভিযোগে বিভিন্ন কলেজে ২১ জন শিক্ষককে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে ওই শিক্ষকদের পরীক্ষাসংক্রান্ত কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০১০ সালের স্নাতকোত্তর পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে ওই ২১ শিক্ষক ভুল করেন৷ বিষয়টি ধরা পড়ার পর তাঁদের দেখা খাতাগুলো পুনর্মূল্যায়ন করে শিক্ষার্থীদের প্রকৃত নম্বর প্রাপ্তি নিশ্চিত করা হয়৷
তবে এরপর ওই পরীক্ষকদের পাঁচ বছরের জন্য পরীক্ষাসংক্রান্ত কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়৷ পরে এ ধরনের পরিস্থিতি এড়াতে পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল প্রকাশে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করতে কর্তৃপক্ষ এ ব্যবস্থা নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷