উত্তরপত্র সংকটে আবারও পরীক্ষা পেছাতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষ ও চতুর্থ বর্ষ (চূড়ান্ত) পরীক্ষা দ্বিতীয় দফায় পিছিয়ে যেতে পারে। যথাসময়ে উত্তরপত্র লেখার জন্য মানসম্মত খাতা তৈরি করতে না পারার কারণেই এ সংকট তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর প্রথম ও চতুর্থ বর্ষের নির্ধারিত পরীক্ষা আছে। ওই পরীক্ষার জন্য গতকাল রোববার বিভিন্ন কলেজের শিক্ষকেরা খাতা নিতে এসেছিলেন। কিন্তু তাঁদের মূল খাতা না নিয়ে অতিরিক্ত খাতা (লুজ শিট) দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান প্রথম আলোকে বলেন, কেবল অতিরিক্ত খাতা নয়, মূল খাতাও দেওয়া হয়েছে। তবে কিছু সমস্যার কারণে কম দেওয়া হয়েছে। আবারও পরীক্ষা পেছাবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়ার চেষ্টা করছি। চতুর্থ বর্ষের পরীক্ষা অবশ্যই ঘোষিত সময়েই অনুষ্ঠিত হয়েছে। তবে আমরা এবারই সেমিস্টার পদ্ধতিতে যাচ্ছি। এ জন্য হয়তো প্রথম বর্ষের পরীক্ষা দু-চার দিন পেছাতে পারে।’বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সালের প্রথম বর্ষ ও ২০০৯ সালের চতুর্থ সম্মান পরীক্ষা যথাক্রমে ২০ আগস্ট ও ২১ আগস্ট হওয়ার কথা ছিল। কিন্তু কয়েক দিন আগে হঠাৎ করে অনিবার্য কারণ দেখিয়ে পরীক্ষা পেছানো হয়। নতুন সময়সূচি অনুযায়ী এই পরীক্ষা হওয়ার কথা আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর। এ জন্য গতকাল বিভিন্ন কলেজে খাতা দেওয়ার কথা ছিল। অভিযোগ পাওয়া গেছে, এই পরীক্ষার খাতার জন্য যে ওএমআর ফরম তৈরি করা হয় তা বিশ্ববিদ্যালয়ের যন্ত্রে গ্রহণ করেনি। মূলত এ কারণেই খাতা নিয়ে সমস্যা দেখা দেয়। কারণ এখন পরীক্ষার খাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশই হলো ওএমআর ফরম। মূলত এ কারণেই পরীক্ষা পেছানো হয়। কিন্তু এখন পর্যন্ত বিষয়টি সুরাহা না হওয়ায় নতুন তারিখেও পরীক্ষা হবে কি না তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা জানান, ২২ আগস্ট জন্মাষ্টমীর ছুটি। এরপর ২৫ আগস্ট থেকে ঈদের ছুটি শুরু হবে। ছুটির পরপরই পরীক্ষা হওয়ার কথা থাকলেও এখনো খাতার সমস্যারই সমাধান হয়নি। অভিযোগ পাওয়া গেছে, গতকাল খাতা বিতরণের দিন বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনের কর্মকর্তারা গাজীপুর ক্যাম্পাসে না গিয়ে ঢাকার কার্যালয়ে কর্মকর্তাদের পদোন্নতির মৌখিক পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলেন।