উত্তরবঙ্গ ও ময়মনসিংহের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ বিঘ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঞ্জিনে আগুন ও প্রবল বৃষ্টিপাতের ফলে রেললাইনের মাটিধসের পৃথক দুটি ঘটনায় গতকাল শুক্রবার উত্তরবঙ্গ ও ময়মনসিংহের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ কয়েক ঘণ্টা বন্ধ হয়ে যায়।জানা গেছে, রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর সিল্কসিটি ট্রেনের ইঞ্জিনে আকস্মিকভাবে আগুন ধরে যাওয়ায় সিরাজগঞ্জ-ঢাকা রেলপথে তিন ঘণ্টার জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ জেলার শহীদ এম মনসুর আলী স্টেশন ছাড়ার পর পূর্ব দিকে আনুমানিক ২০০ মিটার অতিক্রম করার পর এ ঘটনা ঘটে। পরে ঢাকা থেকে লালমনিরহাটগামী নীল সাগর এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে পৌঁছার পর সেই ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল ট্রেনটিকে বেলা দুইটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনে সরিয়ে নেওয়া হয়। এরপর ওই রেলপথে সব ট্রেন চলাচল স্বাভাবিক হয়।ইঞ্জিনে আগুন লাগার সত্যতা নিশ্চিত করে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সহকারী চালক মোস্তাফিজুর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ইঞ্জিনটি বিকল হয়ে পড়েছে।অন্যদিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ রেলস্টেশনের কাছে গোলাঘাট এলাকায় অতিবৃষ্টির ফলে রেললাইনের পাশের মাটি ধসে পড়ায় গতকাল শুক্রবার ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেলপথের ওই অংশে সাময়িক মেরামতের পর ট্রেন চলাচল পুনরায় চালু হয়।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গোলাঘাটের বেতনা বিলের পাশে রেলপথের পাশের ১০ থেকে ১২ হাত পর্যন্ত জায়গার গাছপালাসহ মাটি ধসে পড়ে। এতে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।