উত্তরবঙ্গে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নানের কার্যালয়ে গতকাল শুক্রবার বিকেলে তাঁর সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় আন্দোলন বাস্তবায়ন কমিটি।
সড়ক-মহাসড়কে যানবাহনের কাগজপত্র তল্লাশির নামে পুলিশের চাঁদাবাজি বন্ধসহ সাত দফা দাবিতে গত বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু হয়। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন ব্যবসায়ীরা।
বিভাগীয় কমিশনার আবদুল হান্নানের সভাপতিত্বে গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক এম খুরশীদ হোসেন এবং ১৬ জেলার পণ্যবাহী পরিবহনের মালিক-শ্রমিক নেতারা।
মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আবদুল মান্নান গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বৈঠকে সাত দফা দাবি বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। কয়েকটি দাবি বৈঠকেই মেনে নেওয়ার কথা বলা হয়। আর যেসব দাবি পূরণের ক্ষেত্রে আইনি বাধা রয়েছে, সেগুলো তিন মাসের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়।