উত্তরসূরী খুঁজছেন 'ময়েন স্যার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজরুল পাবলিক লাইব্রেরিতে মঈন উদ্দিন। ছবি: সুব্রত সাহা
নজরুল পাবলিক লাইব্রেরিতে মঈন উদ্দিন। ছবি: সুব্রত সাহা

যোগ্য উত্তরসূরী খুঁজছেন ‘ময়েন স্যার’; গোপালগঞ্জ শহরের সবচেয়ে প্রাচীন গ্রন্থাগার ‘নজরুল পাবলিক লাইব্রেরী’র প্রায় সাত দশকের অবৈতনিক গ্রন্থাগারিক মঈন উদ্দিন। তাঁর বয়স এখন ৮১। তাঁর অনুপস্থিতিতে শতবর্ষী পাঠাগারটিকে যুগোপযোগী করে কে তাঁর মতো পরম মমতায় সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তা নিয়ে চিন্তিত তিনি।
যোগ্য উত্তরসূরী খুঁজছেন ‘ময়েন স্যার’; গোপালগঞ্জ শহরের সবচেয়ে প্রাচীন গ্রন্থাগার ‘নজরুল পাবলিক লাইব্রেরী’র প্রায় সাত দশকের অবৈতনিক গ্রন্থাগারিক মঈন উদ্দিন। তাঁর বয়স এখন ৮১। তাঁর অনুপস্থিতিতে শতবর্ষী পাঠাগারটিকে যুগোপযোগী করে কে তাঁর মতো পরম মমতায় সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তা নিয়ে চিন্তিত তিনি।
স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধসহ নানা বীরত্বগাঁথা জড়িয়ে আছে এই লাইব্রেরীর সঙ্গে। মঈন উদ্দিন গোপালগঞ্জে ‘ময়েন স্যার’ নামে পরিচিত। দীর্ঘ পথ-পরিক্রমায় নজরুল পাবলিক লাইব্রেরী আর ‘ময়েন স্যার’ সমার্থক হয়ে উঠেছেন।‘একজন ময়েন স্যার’ শিরোনামে দৈনিক প্রথম আলোর প্রথম পাতায় একটি বিশেষ প্রতিবেদন ২০১২ সালের ২৮ জানুয়ারী প্রকাশিত হয়েছিল। ওই বছরের ১০ ফেব্রুয়ারি নারায়নগঞ্জের সুধীজন পাঠাগার তাকে ‘হোসেন জামাল জামাল স্মৃতি পুরস্কার’ প্রদান করে।মঈন উদ্দিনের দেওয়া তথ্য ও ব্রিটিশ আমলের নথি ঘেঁটে জানা যায়, ১৯১০ সালে রাজা পঞ্চম জর্জ ব্রিটিশ রাজ সিংহাসনে আরোহন করার পর তাঁর অভিষেক উপলক্ষে উপনিবেশ রাজ্যগুলোতে উৎসবের আয়োজন করা হয়। উৎসবের জন্য কিছু টাকা গোপালগঞ্জ শহরের জন্যও বরাদ্দ হয়। সেই টাকায় শহরে একটি থিয়েটার ক্লাব গঠন করা হয়। রাজ্যাভিষেকের বিষয়টি মাথায় রেখে ক্লাবটির নামকরণ করা হয় করনেশন থিয়েটার ক্লাব। একটি টিনের বড় ঘরে থিয়েটার ক্লাবের যাত্রা শুরু হল। ১০ বছর পর দেখা গেল ক্লাবের অনেক বইপত্র জমে গেছে। তাছাড়া ততদিনে শহুরে মানুষের দৈনিক পত্রিকা পড়ার একটা চাহিদাও তৈরী হয়েছে। এ কারণে সময়ের প্রয়োজনেই ১৯২০ সালে থিয়েটার হলটির সামনের দিকে একটি কক্ষে করনেশন পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠিত হল। শুরু থেকে ১৯৫৬ সাল পর্যন্ত প্রতাপ চন্দ্র বিশ্বাস নামে এক আইনজীবী পাঠাগারটি দেখাশোনার দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ভারতে চলে গেলে পাঠাগারটির কার্যক্রম ঝিমিয়ে পড়ে। সে সময় ভারতের কলকাতায় পড়াশুনা করতেন মঈন উদ্দিন। তিনি দেশে আসলে সবাই তাঁকে চেপে ধরলেন পাঠাগারের দায়িত্ব নেওয়ার জন্য। নাট্যামোদী মঈন উদ্দিন দায়িত্ব নিলেন করনেশন পাবলিক লাইব্রেরীর। মেক-আপম্যান, অভিনেতা এমনকি পরিচালক হিসেবেও কাজ করার পাশাপাশি লাইব্রেরিয়ানের দায়িত্বে আসলেন মঈন উদ্দিন। তিনি থিয়েটার ক্লাবের সহকারী পরিচালকের দায়িত্ব পেলেন। সেই থেকে পথ চলা শুরু। জানা যায়, পঞ্চাশ দশকের শেষ ভাগে মুসলিম লীগের নেতা-কর্মীরা ব্রিটিশের দেওয়া করনেশন নামটি বদলে পাকিস্তানের কবি আল্লামা ইকবালের নামে পাঠাগারটির নামকরণ করার চেষ্টা চালান। ততদিনে থিয়েটার ক্লাবটিকে ছাপিয়ে গেছে পাঠাগারের জনপ্রিয়তা। বহু মানুষ প্রতিদিন পাঠাগারে বই নিতে ও পড়তে আসতেন। নাম পরিবর্তনের ব্যাপারে মঈন উদ্দিন প্রতিবাদ করলেন। তিনি বললেন, পরিবর্তন করে যদি রাখতে হয় তবে ইকবাল নয়; বাংলা ভাষার কবি নজরুলের নামে রাখা হোক। অনেক বাধা পেরিয়ে লাইব্রেরীর নাম পরিবর্তন করে রাখা হল ‘নজরুল পাবলিক লাইব্রেরী’।

১৯৬৫ সালের ঝড়ে মুখ থুবড়ে পড়ে থিয়েটার ক্লাব ও এই পাঠাগারটি। অগত্যা পাঠাগারটি গিয়ে ওঠে মঈন উদ্দিন স্যারের বাসায়। সেখানেই চলতে থাকে কার্যক্রম। এক সময় স্থান সংকুলান না হওয়ায় ভাষা সৈনিক পরেশ বিশ্বাসের বাড়ী চলে যায় এ পাঠাগার। সেখানেও এক সময় স্থান সংকুলান হচ্ছিল না। তখন মঈন উদ্দিন তৎকালিন মহাকুমা প্রশাসক হামিদ খানের স্মরণাপন্ন হন। তিনি ১০ শতক জমি বন্দোবস্ত করে দেন (এখন যেখানে পাঠাগারটি বিদ্যমান)। কিন্তু মঈন উদ্দিনের হাতে তখন মাত্র চার হাজার টাকা। এই টাকা দিয়ে পাঠাগারের জন্য ঘর বা ভবন হবে না। মহাকুমা প্রশাসকের সহায়তায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাইদ আলী খানকে অনুরোধ করেন একটি ভবন তৈরী করে দেওয়ার জন্য। সাঈদ খানই এই ভবন তৈরি করে দেন।
ভাষা সৈনিক ফজলুর রহমানের সাথে আলাপ করে জানা যায়, করনেশন থিয়েটার ক্লাবে ‘বানের টানে’, ‘ঘুণ’, ‘কেরানীর জীবন’সহ বেশ কয়েকটি নাটক তারা পাকিস্তানি শাসকগোষ্ঠীকে ব্যঙ্গ করে নিয়মিত মঞ্চস্থ করতেন যা তখন জনসাধারণকে আন্দোলিত করেছিল। মঈন উদ্দিন জানান, ‘কেরানীর জীবন’ নাটকটিতে কেন্দ্রীয় এক মুসলিম লীগ নেতার জীবনাচরণ ব্যঙ্গাতÄকভাবে উপস্থাপিত হয়েছিল। ওই নেতার বাড়ী গোপালগঞ্জে হওয়ায় তা রাজনৈতিকভাবে আলোচিত ও সমালোচিত হয়েছিল। ১৯৬৫ সালে ঝড়ে থিয়েটার ক্লাবের ঘরটি পড়ে যায়। নষ্ট হয়ে যায় থিয়েটারের বিভিন্ন উপকরণ। এ অজুহাতে মুসলিমলীগের বিরোধীতার কারণে পরবর্তীতে করনেশন থিয়েটার ক্লাব আর মাথা তুলতে পারেনি। তবে পাঠাগারটি মঈন উদ্দিনের একাগ্রতায় এগিয়ে চলল।
পাঠাগারটিতে এখন ১৩ হাজার ৯০০টি বই ও বিভিন্ন সাময়িকী রয়েছে।

নজরুল পাবলিক লাইব্রেরিতে বই পড়ছে নতুন প্রজন্মের পাঠকেরা। ছবি: সুব্রত সাহা
নজরুল পাবলিক লাইব্রেরিতে বই পড়ছে নতুন প্রজন্মের পাঠকেরা। ছবি: সুব্রত সাহা

মঈন উদ্দিন এখন তাঁর যোগ্য উত্তরসূরী খুঁজছেন। কে নেবে পাঠাগারটির দায়িত্ব? জীবনের গুরুত্ব্বপূর্ণ সময় পরিবারকে না দিয়ে; সর্বস্ব ঢেলে যে মাত্রায় তিনি পাঠাগারটি উন্নীত করেছেন, সেই অর্জন কে ধরে রাখবেন?
মঈন উদ্দিন বলেন, নজরুল পাবলিক লাইব্রেরী তাঁর কাছে একটি সংগ্রামের নাম। এর সঙ্গে সংগ্রাম, বীরত্বগাঁথা ও সৃষ্টিশীলতা মিশে আছে। সরকারি বিশেষ পৃষ্ঠপোষকতায় এই অর্জনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এই প্রতিষ্ঠানটিকে যুগোপযোগী করতে হবে। সেই সঙ্গে ধরে রাখতে হবে ইতিহাস ও ঐতিহ্যকে। তা না হলে প্রজন্ম থেকে প্রজন্ম অন্ধকারে থেকে যাবে।
গোপালগঞ্জের ভাষা সৈনিক ফজলুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. পরিমল সরকার ও কবি গাজী লতিফ মনে করেন লাইব্রেরীটির বর্তমান অবস্থা বজায় রেখে আধুনিকায়ণ ও লোকবল নিয়োগ জরুরি।
কবি ও ছোটকাগজ ‘দূর্বা’র সম্পাদক গাজী লতিফ বলেন, ‘ময়েন স্যারের অনুপস্থিতিতে গ্রন্থাগারটির ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়তে পারে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও সাংস্কৃতিক প্রতিনিধিরা ভূমিকা রাখতে পারেন। প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা অব্যহত রাখতে এ বিষয়ে তাঁদের এগিয়ে আসতে হবে।’