উত্তরা ইউনিভার্সিটির ছাত্রকে অপহরণ করে হত্যা
রাজধানীর উত্তরা ইউনিভার্সিটির বিবিএর ছাত্র মোহাম্মদ আবদুর রহমান ওরফে রিয়াদকে (২৫) চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত রিয়াদ নোয়াখালীর সেনবাগ থানার নবীপুর গ্রামের খাজা মাঈনুদ্দীনের ছেলে। তিনি টঙ্গীর চেরাগআলী মাতবরবাড়ি রোডের জনৈক নেয়ামত উল্লাহর বাড়িতে ভাড়া থাকতেন।
এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন রেজাউল কবির ওরফে সাগর, শাহাবউদ্দিন ও জামাল।
গ্রেপ্তার হওয়া শাহাবুদ্দিন ও জামালের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে টঙ্গী থানার পুলিশ জানায়, গত ২৩ জুলাই রিয়াদকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ইন্টারভিউ দিতে উত্তরার মাসকট প্লাজায় যেতে বলেন মূল পরিকল্পনাকারী সাগর। সেখানে শাহাবুদ্দিন ও জামাল ভাড়া করা একটি গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন। তাঁরা সাগরের সঙ্গে রিয়াদকে সাক্ষাত্ করানোর কথা বলে প্রথমে ময়মনসিংহ নিয়ে যান। সেখান থেকে সাগরকে উঠিয়ে গাড়িটি জামালপুর জেলার নুরুন্দি গ্রাম পর্যন্ত যায়। রাত গভীর হওয়ায় গাড়িচালক আরও দূরে যেতে অস্বীকৃতি জানান। সে সময় চালককে এক ঘণ্টা অপেক্ষা করার কথা বলে গাড়ি থেকে রিয়াদকে নিয়ে ওই তিনজন নেমে যান।
আধা ঘণ্টা পর রাত একটার দিকে রিয়াদ ছাড়া বাকি তিনজন ফিরে এলে চালকের সন্দেহ হয়। তিনি জানতে চান, আরেকজন কোথায়। এই তিনজন সদুত্তর দিতে না পারায় চালক ভয় পেয়ে পালিয়ে যান। এ সময় সাগরসহ তিনজন ঘটনাস্থল ত্যাগ করেন।
এদিকে, ২৩ জুলাই চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়ে ফিরে না আসায় ৩০ জুলাই রিয়াদের ফুপাতো ভাই মোহাম্মদ জাকির হোসেন বাদী হয়ে টঙ্গী থানায় একটি মামলা করেন।
মামলার এজাহারে জাকির হোসেন উল্লেখ করেন, সাগর রিয়াদের পূর্বপরিচিত লিপি নামের এক মেয়ের স্বামী। সাগরের মাধ্যমে চাকরি দেওয়ার বিষয়টি লিপি রিয়াদকে জানান। গতকাল দিবাগত রাত সাড়ে তিনটায় রেজাউল কবির সাগরকে উত্তরা থেকে গ্রেপ্তার করে টঙ্গী থানার পুলিশ। শাহাবুদ্দিন ও জামালকে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে পুলিশ এর আগেই গ্রেপ্তার করেছিল। তাঁরা জানান, রিয়াদের বাবা আবুধাবি প্রবাসী। রিয়াদকে হত্যার পর তাঁর বাবার কাছে বিভিন্ন সময় ফোনে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছেন সাগর।
শাহাবুদ্দিন ও জামাল জানান, অপহরণ করে মুক্তিপণ দাবি ও হত্যা করা সাগরের পেশা। রিয়াদকে অপহরণ ও হত্যার জন্য শাহাবুদ্দিন ও জামালকে অর্থের বিনিময়ে সাগর ভাড়া করেছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল প্রথম আলো ডটকমকে বলেন, ইতিমধ্যে জামালপুরের পুলিশ সুপারের মাধ্যমে অজ্ঞাত হিসেবে রিয়াদের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি জানান, আজ দুপুরে টঙ্গী মডেল থানায় এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন হবে।