উত্তরা ইপিজেডে দুটি কারখানায় শ্রমিক বিক্ষোভ, ছুটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা উত্তরা ইপিজেডে পাঁচ দফা দাবিতে গতকাল রোববার বিক্ষোভ করেছেন এভারগ্রিন প্রোডাকশন ফ্যাক্টরি বিডি লিমিটেড ও ডায়াচ ক্লিনিং অ্যান্ড নিটিং কারখানার শ্রমিকেরা। এ ঘটনায় কারখানা দুটিতে সাময়িক ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের দাবি মানার পরও একটি বিশেষ মহলের ইন্ধনে বিশৃঙ্খলা করা হচ্ছে বলে কারখানা-সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেছেন।
কারখানা সূত্রে জানা যায়, ন্যায্য মজুরি, শ্রমিক নির্যাতন বন্ধ, ওভার টাইমসহ পাঁচ দফা দাবিতে গত বৃহস্পতিবার কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন শ্রমিকেরা। একই দাবিতে গতকাল সকালেও শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ওই দুটি কারখানার প্রধান ফটকের সামনে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এরপর কারখানায় ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা ফিরে যান।
শ্রমিকেরা জানান, সকাল সাতটা ১৫ মিনিট থেকে বেলা তিনটা ৪৫ মিনিট পর্যন্ত আট ঘণ্টা কাজের নিয়ম থাকলেও এভারগ্রিন কর্তৃপক্ষ জোর করে চাকরি থেকে বাদ দেওয়ার ভয় দেখিয়ে অতিরিক্ত সময় কাজ করিয়ে নিচ্ছে। কিন্তু এই ওভার টাইমের বিপরীতে শ্রমিকদের কোনো মজুরি দেওয়া হয় না। কোনো বিজ্ঞপ্তি ছাড়াই দক্ষ শ্রমিকদের মজুরি ২০০ টাকা কমিয়ে সাড়ে চার হাজার টাকা দেওয়া হচ্ছে। পাশাপাশি অদক্ষ শ্রমিকদের মজুরিও ১৫০ টাকা কমিয়ে দেওয়া হয়েছে।
ডায়াচ ক্লিনিং অ্যান্ড নিটিং কারখানার এক শ্রমিক বলেন, ‘আগে প্রতিটি সোয়েটারের জন্য ৪১ টাকা করে দেওয়া হতো। এতে আমাদের পারিশ্রমিক কম আসে। তাই আমরা ৬০ টাকার দাবি জানিয়েছিলাম। কিন্তু কর্তৃপক্ষ সিদ্ধান্ত জানাচ্ছে না। এসব বিষয়ের প্রতিবাদ করায় কারখানায় চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।’ ওই কারখানার আরেক শ্রমিক বলেন, শ্রমিকেরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উপায়ে তাঁদের দাবির পক্ষে আন্দোলন করছিলেন। এ সময় একজন পুলিশ দুই শ্রমিককে মারধর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এভারগ্রিনের উপমহাব্যবস্থাপক সুব্রত সরকার বলেন, বেপজার নিয়ম অনুযায়ী শ্রমিকদের পাওনা পরিশোধ করা হচ্ছে। তার পরও তাঁদের দাবিগুলো লিখিতভাবে মেনে নেওয়া হয়েছে। শতকরা ৯৮ জন শ্রমিক এতে রাজি হয়ে কাজে যোগ দিতে চান। ২ শতাংশ শ্রমিক বাইরের ইন্ধনে এই উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করছে। এ কারণে তিন দিনের জন্য কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমেঞ্চদ বলেন, গতকাল সকালে শ্রমিকেরা জড়ো হলে নীলফামারীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গুল্লাল সিংহ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) শফিউল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেদ আলীসহ পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়েছে। আর ডায়াচ কারখানা কর্তৃপক্ষ তাদের চেয়ারম্যান আসার পর সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে।