উত্তরা ইপিজেডে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, দুটি কারখানা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে উত্তরা ইপিজেডে গতকাল বৃহস্পতিবার শ্রমিক-পুলিশ সংঘর্ষে পুলিশের ২০ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। ছয় শ্রমিককে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর দুটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আটক করা ব্যক্তিরা হলেন আবদুস ছালাম (১৮), আশিকুর রহমান (২০), রফিকুল ইসলাম (২৫), মোস্তাফিজুর রহমান (২৮), আফজাল হোসেন (২৮) ও ভবতোষ রায় (২৬)।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতনকাঠামো অনুযায়ী মজুরি নিশ্চিতকরণ, শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, কথায় কথায় শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা গত ১৩ ডিসেম্বর থেকে আন্দোলন কর্মসূচি পালন করে আসছিলেন। এরই অংশ হিসেবে উত্তরা সোয়েটার নিটিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ও ডায়াচ স্পিনিং নিটিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে গতকাল সকাল নয়টার দিকে ইপিজেডের ভেতর নীলফামারী-সৈয়দপুর প্রধান সড়ক অবরোধ করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনরত শ্রমিকেরা একপর্যায়ে ইপিজেডের সামনের দোকানপাট ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। এ ছাড়া পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। শ্রমিকেরা পুলিশের দিকে ঢিল ছোড়ে। পরিস্থিতি আরও অশান্ত হয়ে উঠলে রংপুর ও দিনাজপুর থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা সময় ধরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ চলে। এ সময়ের মধ্যে পুলিশ কাঁদানে গ্যাসের ৯৫টি শেল ও ১৫০টি রাবার বুলেট ছোড়ে।শ্রমিকদের ছোড়া ঢিলের আঘাতে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলামসহ পুলিশের ২০ সদস্য আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া পুলিশের লাঠিপেটা ও রাবার বুলেটের আঘাতে অন্তত ৩০ জন শ্রমিক আহত হন। তাঁরাও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) একদল সদস্য পুলিশের সঙ্গে যোগ দিলে শ্রমিকেরা পিছু হটে।সংঘর্ষ চলাকালে ওই পথে যান চলাচল বন্ধ থাকে। পরে দুপুর একটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।নারী শ্রমিক অলকা বেগম অভিযোগ করেন, ন্যায্য দাবিতে শ্রমিকেরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। একপর্যায়ে নারী-পুরুষ নির্বিচারে লাঠিপেটা শুরু করে পুলিশ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আমিনুল ইসলাম জানান, এর আগে ইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের সমস্যার সমাধান করা হয়। তার পরও কিছুসংখ্যক শ্রমিক আন্দোলন করছে।উত্তরা ইপিজেডের প্রকল্প পরিচালক হাফিজুর রহমান বলেন, এ ঘটনার পর উত্তরা সোয়েটার নিটিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ও ডায়াচ স্পিনিং নিটিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।সদর থানার ওসি নুরুল ইসলাম গতকাল রাত সাড়ে আটটার দিকে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।