উত্তরা ইপিজেডের শ্রমিকদের বিক্ষোভ
নীলফামারীর উত্তরা ইপিজেডের দুই সহস্রাধিক শ্রমিক গতকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। গ্রেপ্তার হওয়া শ্রমিকদের মুক্তি ও এক কারখানা ব্যবস্থাপকের অপসারণের দাবিতে এ আন্দোলন করেন তাঁরা। পরে জেলা প্রশাসনের আশ্বাসে অবস্থান তুলে নেন শ্রমিকেরা।শ্রমিকেরা জানান, এর আগে একটি কোম্পানির দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া দুজন শ্রমিকের মুক্তি, সরকার ঘোষিত নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন-বোনাস, শ্রমিক হয়রানি বন্ধে উত্তরা সোয়েটার নিটিং ম্যানুফ্যাকচারিং কোম্পানির ব্যবস্থাপক গোলাম মোস্তফার অপসারণসহ বিভিন্ন দাবিতে ১৯ নভেম্বর শহরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কাছে তাঁরা স্মারকলিপি দেন। সে সময় জেলা প্রশাসকের আশ্বাসে তাঁরা কাজে যোগ দেন। পরে ওই দুই শ্রমিকের জামিন হলেও পরবর্তী সময় তাঁদের নামে আরও একটি মিথ্যা মামলা হয় এবং গতকাল বুধবার নয় শ্রমিককে আটক করা হয়। এ অবস্থায় তাঁরা আবারও আন্দোলনে নামতে বাধ্য হন। নীলফামারী সদর থানার এসআই রুহানী বলেন, উত্তরা ইপিজেডের ডায়াস স্পিনিং অ্যান্ড নিটিং কোম্পানির ব্যবস্থাপক জসিমউদ্দিনের ৩ জানুয়ারি দায়ের করা মামলায় ওই ১১ জনকে আটক করা হয়েছে। স্থানীয় নেতা, জেলা প্রশাসক ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে কয়েক দফা আলোচনা হয়। পরে উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদ মাহমুদ বলেন, শ্রমিকেরা যে দাবি নিয়ে এসেছে, তার অধিকাংশই এর আগে মালিকপক্ষ মেনে নিয়েছে। আটক শ্রমিকদের মুক্তি ও তাঁদের অন্যান্য দাবির ব্যাপারে জেলা প্রশাসক জিল্লুুর রহমান আশ্বস্ত করেছেন। তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল তাঁদের ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়েছে।