স্মার্ট কার্ড বিতরণের কাজ উদ্বোধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণের কাজ আজ রোববার উদ্বোধন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্মার্ট কার্ড বিতরণের কাজ উদ্বোধন করবেন। নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয় বলেছে, ঢাকা জেলার ৫০ লাখ কার্ড মুদ্রণের কাজ শেষ হয়েছে। চট্টগ্রাম জেলার কার্ড মুদ্রণের কাজ চলছে। ২০১৭ সালের জুনের মধ্যে ৯ কোটি কার্ড মুদ্রণের কাজ শেষ হবে এবং বিতরণের কাজ শেষ করা হবে ডিসেম্বরের মধ্যে।

কমিশন সচিবালয় থেকে জানা যায়, পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতির স্মার্ট কার্ড সিইসির কাছে হস্তান্তর করবেন। এরপর সিইসি প্রধানমন্ত্রীর কার্ড প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন। সবশেষে প্রধানমন্ত্রী জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে কার্ড বিতরণ করবেন।

কমিশন সচিবালয় থেকে জানা যায়, প্রাথমিকভাবে কাল সোমবার থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড (উত্তরা) এবং ঢাকা দক্ষিণ সিটির ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে (রমনা এলাকা) স্মার্ট কার্ড বিতরণ করা হবে। উত্তরায় স্মার্ট কার্ড বিতরণ করা হবে ৩ থেকে ২২ অক্টোবর পর্যন্ত। দক্ষিণ সিটির ১৯ নম্বর ওয়ার্ডে ৩ অক্টোবর থেকে ১০ অক্টোবর, ২০ নম্বরে ১৩ থেকে ২০ অক্টোবর এবং ২১ নম্বর ওয়ার্ডে ২২ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত কার্ড বিতরণ করা হবে।