উত্তরা গণভবন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
নাটোরের ঐতিহাসিক স্থাপনা উত্তরা গণভবন আজ বৃহস্পতিবার থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। এখন থেকে দর্শনার্থীরা ১০ টাকার বিনিময়ে প্রতিদিন বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উত্তরা গণভবন ঘুরে দেখতে পারবেন।নাটোরের জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, উত্তরা গণভবন দেখার জন্য প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য দর্শনার্থীর ভিড় জমে। কিন্তু সরকারি বিধিনিষেধের কারণে তাঁরা গণভবনের ভেতরে ঢোকতে পারতেন না। বিষয়টি নিয়ে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর কর্তৃপক্ষ দর্শনার্থীদের জন্য উত্তরা গণভবন খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু নানা জটিলতার কারণে গণভবন খুলে দেওয়া যায়নি। অবশেষে আজ বেলা তিনটায় আনুষ্ঠানিকভাবে উত্তরা গণভবনের প্রধান ফটক দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।জেলা প্রশাসক জাফর উল্লাহ বলেন, দর্শনার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে উত্তরা গণভবন খুলে দেওয়া হলো। এখন সবার দায়িত্ব এটাকে সুরক্ষা করা। পর্যায়ক্রমে সুযোগ-সুবিধা বাড়ানো হবে। নাটোরের প্রায় ৩০০ বছরের প্রাচীন দিঘাপতিয়া রাজবাড়িটি উত্তরা গণভবন হিসেবে পরিচিত। দিঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন নাটোর রাজ্যের দেওয়ান রাজা দয়ারাম রায়।