উত্তরা গণভবনের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
আদালতের নির্দেশের পর গত রোববার থেকে প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় কার্যালয় হিসেবে ব্যবহূত নাটোরের উত্তরা গণভবনের জায়গা দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন।জানা গেছে, ২০১২ সালের ১০ ডিসেম্বর আইনজীবী আমিনুল হক হাইকোর্টের একটি বেঞ্চে উত্তরা গণভবনের জায়গা দখলমুক্ত করার নির্দেশ চেয়ে রিট করেন। আবেদনে ভূমি সচিব, সংস্কৃতি সচিব, পরিবেশ ও বন সচিব, প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, নাটোরের জেলা প্রশাসক, পুলিশ সুপার (এসপি), সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিবাদী করা হয়। শুনানি শেষে আদালত নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে বিবাদীদের রুলের জবাব দেওয়ার নির্দেশ দেন এবং তিন মাসের মধ্যে অবৈধভাবে দখল হয়ে যাওয়া গণভবনের পরিখাসহ সব জায়গা দখলমুক্ত করার নির্দেশ দেন।১৭ জানুয়ারি আদালতের এই আদেশ নাটোরের জেলা প্রশাসক ও এসপির কার্যালয়ে পৌঁছে। এরপর রোববার থেকে প্রশাসন উচ্ছেদ অভিযান শুরু করে। ওইদিন অভিযানে নেতৃত্ব দেন নাটোরের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) সানিউল ফেরদৌস। তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে অর্ধেকেরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। তবে গণভবনের দক্ষিণ পাশের পরিখা দখল করে নির্মাণ করা কংক্রিটের পাকা দেয়াল ভাঙা সম্ভব হয়নি।’প্রসঙ্গত, ২০১১ সালের ২৩ জুলাই প্রথম আলোতে ‘দখলে দখলে রিক্ত-নিঃস্ব উত্তরা গণভবন’ এবং ২০১২ সালের ১৬ নভেম্বর ‘উত্তরা গণভবনের জায়গা এখনো দখলমুক্ত হয়নি’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।