উত্তরা গণভবনের গাছ কাটার তদন্ত শুরু
উত্তরা গণভবনের আঙিনার ভেতরের গাছ কাটার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজশাহী গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এই তদন্ত শুরু করেন। তদন্ত করে আজকেই প্রধান প্রকৌশলীর কাছে তাঁর তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা।
প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় আজ ‘অরক্ষিত উত্তরা গণভবন, রাজপালঙ্কে ঘুমান কর্মচারী, প্রাচীন গাছ কেটে সাবাড়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সকাল থেকে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী রাজশাহীর তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে এক কার্যদিবসের মধ্যে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন।
বেলা সোয়া ১১টার দিকে যোগাযোগ করা হলে রাজশাহীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি সকাল থেকেই তদন্তকাজ শুরু করেছেন। গণভবনের ভেতরেই তিনি রয়েছেন। তাঁর সঙ্গে নাটোরের জেলা প্রশাসক ও অন্য কর্মকর্তারা রয়েছেন।
গণপূর্ত বিভাগের একটি সূত্র জানিয়েছে, গতকাল সোমবার বিকেলেই গণভবনের আঙিনার ভেতর থেকে কর্মচারীদের গরু-ছাগল সরিয়ে নেওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিল্লুর রহমান বলেন, তিনি এখনো গাছই দেখছেন। অত দূর এখনো যেতেই পারেননি।
জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, নাটোর জেলা প্রশাসকের সভাপতিত্বে উত্তরা গণভবনের একটি ব্যবস্থাপনা কমিটি রয়েছে। এই কমিটিকে না জানিয়ে গণপূর্ত বিভাগ গাছ কেটেছে। ভেতরে কর্মচারীদের আবাসিক এলাকা তৈরি করেছে। এসব বিষয়ে আজ দুপুর ১২টার দিকে ব্যবস্থাপনা কমিটির একটি সভা আহ্বান করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নাটোরের দিঘাপতিয়া এলাকায় ১৯৪৫ দাগের ৪১ দশমিক ৫০ একর জমির ওপরে এই রাজবাড়ি অবস্থিত। বর্তমানে এটি এক নম্বর খাসখতিয়ানভুক্ত সম্পত্তি। দিঘাপতিয়ার সর্বশেষ রাজা কুমার প্রভুনাথ ভারতে চলে গেলে ১৯৫৬ সালে প্রশাসন রাজবাড়িটি অধিগ্রহণ করে। ১৯৬৭ সালে সরকার এ রাজপ্রাসাদকে ‘গভর্নর হাউস’ ঘোষণা করে। ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটিকে গণভবনে রূপান্তর করেন। একাধিকবার এখানে মন্ত্রিপরিষদের বৈঠক হয়েছে। রাজপ্রাসাদের আঙিনার ভেতরে তিন শতাধিক আমগাছ, ২৫৬টি নারকেলগাছ, ১৫০টি সুপারিগাছসহ ১২ রকমের মৌসুমি ফলের গাছ রয়েছে। এ ছাড়া প্রসাদের ভেতরে ‘ইতালিয়ান গার্ডেন’-এ রয়েছে বিশ্বের নানা প্রান্ত থেকে এনে লাগানো দুর্লভ প্রজাতির গাছ।
অারও পড়ুন: রাজপালঙ্কে ঘুমান কর্মচারী, প্রাচীন গাছ কেটে সাবাড়