উত্তরা গণভবনের জায়গা এখনো দখলমুক্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের উত্তরা গণভবনের জায়গা এখনো অবৈধ দখলমুক্ত হয়নি। প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় কার্যালয় হিসেবে ব্যবহূত ঐতিহাসিক এই স্থাপনা সংরক্ষণে প্রশাসন উল্লেখযোগ্য কোনো ভূমিকা নেয়নি বলে মনে করেন স্থানীয় ব্যক্তিরা।এলাকাবাসী জানান, প্রায় ৩০০ বছরের প্রাচীন দিঘাপতিয়া রাজবাড়ি তথা উত্তরা গণভবনে অবৈধ দখল, জলাশয় ভরাট ও বৃক্ষ নিধন বন্ধে দেড় বছর আগে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওই সময় তড়িঘড়ি করে প্রশাসনের পক্ষ থেকে দখল উচ্ছেদে কিছু উদ্যোগ নেওয়া হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই প্রশাসনের তোড়জোড় থেমে যায়।১২ নভেম্বর গণভবন চত্বর ঘুরে দেখা যায়, প্রধান ফটকের সামনের প্রায় চার একর আমবাগানজুড়ে খড়ির আড়ত ও বসতবাড়ি অটুট রয়েছে। আমবাগান ঘিরে কিছু সীমানা পিলার বসানো হলেও সেখানে নেই কোনো কাঁটাতার বা প্রাচীর। পরিবেশ উন্নয়নে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। প্রধান ফটকের সামনে এখনো রয়েছে বেশ কিছু ঝুপড়ি দোকান। যার সামনে দিয়ে দেশ-বিদেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গণভবনে ঢুকতে হয়। গণভবনের ৪৪ দশমিক ৩ একর জমির অনেকটাই এখনো দখলদারদের কবলে। ভবনের সীমানাপ্রাচীর ঘেঁষে চারদিকে যে পরিখা ছিল, তার বেশির ভাগ ভরাট করে দখলে নিয়েছেন আশপাশের বাসিন্দারা।তবে গণভবন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার পর প্রধান ফটকে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর, আর্চওয়ে ও সিসি ক্যমেরা। উত্তরা গণভবন চত্বরের গোলপুকুর, পদ্মপুকুর, শ্যামসাগর, কাচারিপুকুর, কালীপুকুর ও কেষ্টজির পুকুর সংস্কার হয়নি দীর্ঘদিন। এসব পুকুরে এখন বছরের আট মাস পানি থাকে না। পুকুরের ঘাট ভেঙে গেছে। গণভবনসংলগ্ন বাসিন্দা আবেদ আলী বলেন, ‘মাটি ভরাট করে আমরা কেউ পরিখা দখল করিনি। সংস্কার না করায় বছরের পর বছর ময়লা-আবর্জনা জমে এটি ভরাট হয়ে গেছে। এ ব্যাপারে আমাদের কিছুই করার নেই।’ আমিনুল হক বলেন, অনেক আকাঙ্ক্ষা নিয়ে দূর-দূরান্ত থেকে শত শত লোক উত্তরা গণভবন দেখতে আসেন। কিন্তু এসে যখন দেখেন, চারদিকে ময়লা-আবর্জনায় ভরপুর। তখন তাঁদের তাঁরা তিরস্কার করেন।’উত্তরা গণভবন সংরক্ষণের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের নাটোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোক্তার হোসেন বলেন, গণভবনের পুরো অংশ সংস্কারের জন্য অনেক অর্থ দরকার। অর্থ বরাদ্দ না দেওয়ায় একযোগে সংস্কার করা যাচ্ছে না। আর সীমানাপ্রাচীরের ভেতরের অংশ সংরক্ষণে তাঁদের কোনো অবহেলা নেই। তবে বাইরের অংশ উন্মুক্ত থাকায় কিছু জমি বেদখল হয়েছে। অনেক আগেই খড়ির আড়তদারদের আড়ত সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। নিজস্ব নিরাপত্তা কর্মী না থাকায় সব সময় পাহারা দেওয়া সম্ভব হচ্ছে না।