উত্তরা গণভবনের ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে তিন তরুণ জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় কার্যালয় নাটোরের উত্তরা গণভবনের ভেতরের একটি নারী ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। নিরাপত্তারক্ষীরা গত সোমবার সন্ধ্যায় তাঁদের আটক করেন। গতকাল মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গণপূর্ত বিভাগ ও নাটোর সদর থানার পুলিশ সূত্রে জানা যায়, কয়েকজন তরুণ সোমবার বিকেলে দর্শনার্থী হিসেবে উত্তরা গণভবনের ভেতরে ঢোকেন। পরে তাঁরা মূল ভবনের ফটকে থাকা একটি নারী ভাস্কর্য ভেঙে ফেলেন। সিসি ক্যামেরায় এই দৃশ্য দেখতে পেয়ে নিরাপত্তাকর্মীরা সেখানে ছুটে আসেন এবং তরুণদের আটক করেন। আটক হওয়া তরুণেরা হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা গ্রামের শিমন আলী (২২), সাইফুল ইসলাম (২০) ও শহিদুল ইসলাম (২০)। খবর পেয়ে জেলা প্রশাসক মো. জাফরউল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তরুণদের রাতে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বলেন, দেশের প্রচলিত আইনে আটক যুবকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে ঘটনাটি নাশকতামূলক ছিল কি না।