উত্তরা থানার মামলায় চার দিনের রিমান্ডে মাহমুদুর রহমান
রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হয়েছে বলে আদালতে অভিযোগ করেছেন দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। তেজগাঁও থানার মামলায় চার দিনের রিমান্ড শেষে গতকাল শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হলে মাহমুদুর রহমান এ অভিযোগ করেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মাহমুদুর রহমান আদালতকে বলেন, তেজগাঁও থানার মামলায় রিমান্ডে নেওয়া হলেও তাঁকে নিয়ে রাখা হয় ক্যান্টনমেন্ট থানায়। তাঁকে কেউ কিছু জিজ্ঞাসা করেনি। ৯ জুন রাতে তাঁকে পাঁচ-ছয়জন মিলে নির্যাতন করে এবং তাঁর বসন খুলে নেয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারান বলে অভিযোগ করেন। একই আদালতে পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে তেজগাঁও থানার ওই মামলায় মাহমুদুর রহমানের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। আদালত জামিন নামঞ্জুর করেন। এদিকে মাহমুদুর রহমানকে অপর একটি মামলায় আগে মঞ্জুর করা চার দিনের রিমান্ডে নিয়েছে উত্তরা থানার পুলিশ। নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্রীরের নেতাদের বিরুদ্ধে করা উত্তরা থানার ওই মামলায় এর আগে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়।