উত্তরা থেকে এবার ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরা ১৬ নম্বর সেক্টরের পঞ্চবটী এলাকার একটি লেকপাড় থেকে এবার ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার তুরাগ থানা-পুলিশ এগুলো উদ্ধার করে। পুলিশ বলছে, কালো রঙের তিনটি ট্রাভেল ব্যাগে এ সরঞ্জামগুলো কেউ শুক্রবার দিবাগত রাতে ওই জায়গায় ফেলে রেখে যায়।
১৮ জুন দিয়াবাড়ির যে খালটি থেকে সাতটি ট্রাভেল ব্যাগভর্তি অস্ত্র উদ্ধার করে পুলিশ, পঞ্চবটী জায়গাটি তার আধা কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে।
উদ্ধার হওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে পাঁচটি ওয়াকিটকি, দুটো ওয়াকিটকির ব্যাটারি, রুপালি ও সবুজ রঙের ২৭০টি আইএডি (ইম্প্রোভাইসড এক্সক্লুসিভ ডিভাইস) ২২টি কৌটায় ছোট-বড় বিভিন্ন ইলেকট্রনিকস যন্ত্রাংশ।
তুরাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. দুলাল হোসেন প্রথম আলোকে বলেন, ওই জায়গাটিতে একটি লেক রয়েছে। জসিম উদ্দিন নামের এক ব্যক্তি লেকটিতে মাছ চাষ করেন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে লেকের নিরাপত্তারক্ষী ইয়াসিন জায়গাটিতে একটি মাইক্রোবাস দাঁড়িয়ে থাকতে দেখেন। তিনি তাঁর টর্চটি জ্বালালে মাইক্রোবাসটি দ্রুতবেগে চলে যায়। সকালে তিনি জায়গাটিতে গিয়ে দেখেন, লেকের নিচের দিকে পানির কাছাকাছি জায়গায় তিনটি ব্যাগ পড়ে আছে।
বিষয়টি তিনি তাঁর মালিককে জানান। মালিক পুলিশকে জানালে তাঁরা সেখানে যান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর দিলে তাঁরা এসে ব্যাগগুলো উদ্ধার করেন।
দুলাল বলেন, জায়গাটি উত্তরা ১৬ নম্বরের সেক্টরের ৪ নম্বর সেতুর কাছাকাছি অবস্থিত।
১৮ জুন দিয়াবাড়ির একটি খাল থেকে সাতটি কালো রঙের ট্রাভেল ব্যাগে ভরা বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে পুলিশ।