রাজধানীর উত্তরা থেকে গতকাল সোমবার এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহকর্ত্রী চলচ্চিত্র অভিনেত্রী নার্গিস আক্তার নিশি ও তাঁর বাগদত্তা জাহেদ মান্না সুমন গ্রেপ্তার হয়েছেন। এদিকে লাশ উদ্ধার করে নিয়ে আসার সময় এলাকাবাসী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।নিহতের নাম পিয়া আক্তার নাসিমা (৩০)। কয়েক মাস ধরে তিনি ওই বাড়িতে কাজ করছিলেন।পুলিশ জানায়, উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ৭৩ নম্বর বাড়ি থেকে গতকাল দুপুরে পুলিশ নাসিমার ঝুলন্ত লাশ উদ্ধার করে। ওই বাড়ি ও আশপাশের লোকজন পুলিশকে জানায়, গৃহকর্ত্রী বিভিন্ন সময় নাসিমাকে নির্যাতন করতেন। এ কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। পুলিশ ঘটনাস্থল থেকে গৃহকর্ত্রী নিশি ও তাঁর বাগদত্তা সুমনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাঁদের এ-সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখানো হয়।এদিকে লাশ উদ্ধার ও গৃহকর্ত্রীকে আটক করে নিয়ে আসার সময় জনতার রোষের মুখে পড়ে পুলিশ। জনতা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে পুলিশের উপপরিদর্শক আতাউর রহমানসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান আরও পুলিশ নিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে হয়েছে তিনি আত্মহত্যা করেছেন। তাঁর লাশ দরজা ভেঙে বের করা হয়েছে। তাঁর কাছে পাওয়া চিরকুটের সূত্র ধরে তাঁর ভাইকে ফোন করা হয়েছে। তবে আত্মহত্যার জন্য গৃহকর্ত্রীর নির্যাতন আর রূঢ় ব্যবহার দায়ী বলে ধারণা করা হচ্ছে।ওসি রেজাউল জানান, রাতে পুলিশ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে একটি মামলা করেছে। পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তদন্ত চলছে। সম্ভবত এলাকাবাসী গৃহকর্ত্রী ও তাঁর কথিত বাগদত্তাকে আক্রমণ করেছিল। পুলিশ মাঝখানে পড়ে গেছে।এদিকে গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে এসে নিহতের লাশ শনাক্ত করেন স্বজনেরা। নিহতের ভাই হানিফ পরিবহনের একজন বাসচালক মজিবুর রহমান জানান, প্রায় দেড় বছর আগে বাড়ি থেকে হঠাৎ উধাও হয়ে যান নাসিমা। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তাঁঁকে পাওয়া যায়নি। গতকাল পুলিশের মাধ্যমে খবর পেয়ে তাঁরা মর্গে আসেন। তিনি জানান, তাঁদের গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশায়। নাসিমার ১৪ বছর বয়সী একটি ছেলেও রয়েছে। তবে তাঁর স্বামী দ্বিতীয় স্ত্রীকে হত্যার দায়ে বর্তমানে কাশিমপুর কারাগারে বন্দী রয়েছেন।গ্রেপ্তার হওয়া গৃহকর্ত্রী নিশির বিরুদ্ধে এর আগেও নারী নির্যাতনের অভিযোগে মামলা হয়েছিল।