উত্তরা থেকে শিশু অপহরণ, পরে উদ্ধার
পাওনা টাকা আদায়ের জন্য ব্যবসায়িক অংশীদারের ছেলে রাহাতকে (৪) গত সোমবার ঢাকার উত্তরা থেকে মানিকগঞ্জে নিয়ে যান অপর অংশীদার। গতকাল মঙ্গলবার ওই শিশুকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা থেকে উদ্ধার করেছে পুলিশ।রাহাত উত্তরার ৬ নম্বর সেক্টরের বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে। বিল্লালের করা অপহরণের মামলায় তাঁর অংশীদার ফরিদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ফরিদের দাবি, তাঁকে কৌশলে ফাঁসানো হয়েছে।উত্তরা থানার পুলিশ ও রাহাতের পরিবার সূত্রে জানা গেছে, ফরিদ ও বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে যৌথভাবে গরুর ব্যবসা করছিলেন। নিজেদের মধ্যে লেনদেন নিয়ে বিরোধ সৃষ্টি হলে পাওনা টাকা আদায়ের জন্য ফরিদ সোমবার বিকেলে বিল্লালের উত্তরার বাসায় গিয়ে তাঁর ছেলে রাহাতকে মানিকগঞ্জে নিয়ে যান। এ ঘটনায় সোমবার রাতেই ফরিদসহ দুজনকে আসামি করে উত্তরা থানায় অপহরণ মামলা করেন বিল্লাল।সোমবার রাতেই বিষয়টি মানিকগঞ্জ পুলিশকে জানিয়ে রাহাতকে উদ্ধারের জন্য মানিকগঞ্জের দৌলতপুর ও শিবালয় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় উত্তরা থানার পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে রাহাতকে রিকশায় করে নিয়ে যাচ্ছিলেন ফরিদ। শিবালয় থানার পুলিশ তেওতা থেকে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। বিল্লাল হোসেন লেনদেন নিয়ে বিরোধের কথা স্বীকার করে বলেন, ‘এটা কোনো সমস্যা নয়, আমার ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায় করাই ছিল তাঁদের মূল উদ্দেশ্য।’পুলিশি হেফাজতে ফরিদ দাবি করেন, ব্যবসায়িক কারণে তিনি বিল্লালের কাছে আড়াই লাখ টাকা পাবেন। অনেক দিন ধরে বিল্লাল ওই টাকা দিচ্ছিলেন না। গত রোববার বিকেলে বিল্লাল ছেলে রাহাতকে নিয়ে তাঁর দৌলতপুরের বাড়িতে বেড়াতে আসেন। এরপর তাঁকে ফাঁসাতে ছেলেকে রেখে বিল্লাল ঢাকায় গিয়ে উত্তরা থানায় তাঁর বিরুদ্ধে মিথ্যা অপহরণের মামলা করেন, যা আমার জানা ছিল না।ফরিদ বলেন, ‘বিল্লাল গাঁ ঢাকা দেওয়ার পর থেকে তাঁর মুঠোফোনও বন্ধ ছিল। এ কারণে বিষয়টি নিয়ে কথা বলতে শিশু রাহাতকে সঙ্গে নিয়ে গতকাল তেওতায় আমার শ্বশুরবাড়ি যাচ্ছিলাম। সেখান থেকেই পুলিশ আমাকে ধরে নিয়ে আসে।’উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, ব্যবসায়িক কারণে বিল্লাল হোসেনের কাছে ফরিদ ৭৫ হাজার টাকা পেতেন। ওই টাকার জন্য ফরিদ একজন লোক নিয়ে সোমবার বিকেলে বিল্লালের বাসায় যান। বিল্লাল ২৫ হাজার টাকা দিয়ে বাকি টাকার জন্য সময় চান। বিষয়টি মেনে নিলেও বাকি টাকা আদায়ের জন্য ফরিদ কৌশলে রাহাতকে অপহরণ করে নিয়ে যান। অপহরণের পর থেকে ফরিদ মুঠোফোনে রাহাতের বিনিময়ে বাকি টাকার জন্য বিল্লালকে চাপ দেন।