উত্তরা পশ্চিম থানার ওসির বিরুদ্ধে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি সাপ্তাহিক পত্রিকার সাংবাদিক শাহ আলমকে পিটিয়ে হত্যার অভিযোগে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন তাঁর সহকর্মীরা। তাঁরা অভিযোগ করেছেন, গত রোববার উত্তরা পশ্চিমা থানায় তাঁকে পিটিয়ে ছাদ থেকে ফেলা দেওয়া হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত ‘অনলি ফর জার্নালিস্টে’র ব্যানারে সাপ্তাহিক অপরাধ দমন-এর কর্মীরা মানববন্ধন করেন। তাঁরা এ সময় উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) মামুনুর রহমানের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে বিচার দাবি করেছেন।
শাহ আলমের স্ত্রী সুমি আক্তার গতকাল বলেন, তাঁর স্বামী শাহ আলমের পূর্বপরিচিত কাঠমিস্ত্রি নজরুল ইসলাম। উত্তরা পশ্চিম থানার পাশের একটি কলেজের অধ্যক্ষের কাছে তিনি তিন লাখ টাকা পেতেন। কলেজের আসবাব তৈরি করে দেওয়ায় এই টাকা পাওনা হয়। কিন্তু অধ্যক্ষ পাওনা টাকা দিচ্ছিলেন না নজরুলকে। এ ঘটনার মধ্যস্থতাকারী হিসেবে শাহ আলমকে থানায় ডেকেছিলেন ওসি।
সুমি আক্তার অভিযোগ করেন, ওসি রফিকুল ও এসআই মামুন অধ্যক্ষ বশিরউদ্দিনের পক্ষ নেন। নজরুলের প্রাপ্য অর্থ বুঝিয়ে না দিয়ে ওসি রফিকুল এর কিছু অংশ শাহ আলমের হাতে তুলে দিয়ে রফা করতে চেয়েছিলেন। এতে শাহ আলম রাজি না হওয়ায় ওসি রফিকুল ক্ষিপ্ত হয়ে তাঁকে পিটিয়ে হত্যা করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি রফিকুল ইসলাম বলেন, তিনি কোনো বৈঠক ডাকেননি কিংবা শাহ আলমকে মারধরও করেননি। নজরুলের স্ত্রী মর্জিনা বেগম টাকা ও সোনার ব্যাগটি রেখেছিলেন শাহ আলমের কাছে। ওই ব্যাগটি নিয়ে তিনি দোতলার ছাদ বেয়ে পালাচ্ছিলেন। এ সময় অধ্যক্ষ বশিরউদ্দিন ও নজরুলের দ্বিতীয় স্ত্রী মর্জিনা বেগম তাঁকে জাপটে ধরেন। একপর্যায়ে শাহ আলম থানার ছাদ থেকে পড়ে মারা যান। তবে সুমি আক্তার অভিযোগ করেন, গত সোমবার তিনি উত্তরা পশ্চিম থানায় গেলে সেদিনের প্রত্যক্ষদর্শীরা তাঁকে তাঁর স্বামীর ওপর পুলিশের নিষ্ঠুরতার কথা বলেছেন।
ওসি তাঁর স্বামীর হাতে হাতকড়া পরিয়ে বেধড়ক পেটান। এতে তাঁর তাঁর স্বামীর দুই পা, ঘাড় ও কোমর ভেঙে যায়। একপর্যায়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। সুমি আক্তার বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর ওসি ও এসআইয়ের বিরুদ্ধে হত্যা মামলা করবেন।