উত্তরা প্রকল্পের ফ্ল্যাটের দাম বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও গণপূর্ত অধিদপ্তরের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাটের দাম নির্ধারিত দামের চেয়ে বাড়বে। গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির বৈঠকে গণপূর্ত অধিদপ্তর ও রাজউক থেকে এ তথ্য জানানো হয়।
তবে বৈঠকে এসব ফ্ল্যাটের দাম কী পরিমাণে বাড়তে পারে, সে বিষয়ে গণপূর্ত ও রাজউক থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। কমিটি তাদের আগামী বৈঠকে এ বিষয়ে রাজউক ও গণপূর্ত অধিদপ্তরকে বিস্তারিত জানাতে বলেছে। বৈঠক শেষে কমিটির সদস্য এ কে এম ফজলুল হক প্রথম আলোকে বলেন, মূলত আগের দরপত্র বাতিল হয়ে যাওয়ায় নতুন করে দরপত্র আহ্বান করা হয়েছে। দরদাতারা আগের চেয়ে বেশি দাম উল্লেখ করে দরপত্র জমা দিয়েছেন। এ কারণে ফ্ল্যাটের দাম বাড়বে।
বৈঠক সূত্র জানায়, এর আগে রাজউক থেকে জানানো হয়েছিল, ১ হাজার ৬২০ বর্গফুটের প্রতিটি ফ্ল্যাটের দাম সব মিলিয়ে ৩৫ লাখ টাকা হবে। পরে খোলা উদ্যান ও গাড়ির গ্যারেজের জায়গার দাম অন্তর্ভুক্ত করে প্রতিটি ফ্ল্যাটের দাম ধরা হয় ৫৬ লাখ টাকা। প্রকল্পের অগ্রগতি না হলেও ফ্ল্যাটের জন্য গ্রাহকেরা দুই বছর ধরে কিস্তি দিয়ে আসছেন। এখন দাম বাড়ানো হলে এসব ফ্ল্যাটের দাম ৬৫ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত ঠেকতে পারে। অথচ নবম সংসদে সংসদীয় কমিটি এসব ফ্ল্যাটের দাম ৪৮ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার সুপারিশ করেছিল।
গতকালের বৈঠকে কমিটি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সমস্যার সমাধানে আরও বেশি পরিমাণে ফ্ল্যাট নির্মাণের সুপারিশ করে। বৈঠকে রাজউক থেকে জানানো হয়, রাজধানীর বিভিন্ন রাস্তা, খাল, জলাশয় ও খাসজমি দখল করে ৩৫টি স্থাপনা নির্মিত হয়েছে। রাজউক এসব ভবনের মালিকদের সরকার অনুমোদিত নকশা জমা দেওয়ার জন্য চিঠি দিয়েছে। নকশা পাওয়ার পর এসব ভবন পরীক্ষা-নিরীক্ষা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কমিটির সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন এবং এ কে এম ফজলুল হক, আবু সালেহ মোহাম্মদ সাঈদ ও নূর-ই-হাসনা লিলি চৌধুরী অংশ নেন।